১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র, ইসরাইলে হিজবুল্লাহর হামলা জোরদার

উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এসব হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ একাধিক সূত্র জানিয়েছে, বুধবার ভোরে হিজবুল্লাহ নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে দখলদার ইসরাইলের কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

এসময় মাত্র ১০ মিনিটে হিজবুল্লাহর ৩০টি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরাইল এবং আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একাধিক ইসরাইল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। 

ইসরাইলি চ্যানেল-১২ জানিয়েছে, লেবানন থেকে ইসরাইলের কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে ৮টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। 

এ ছাড়াও এদিন সকালে ইসরাইলের দখল-করা আক্কা, নেহারিয়া, আলজালিল আলিয়া ও পশ্চিম আলজালিল অঞ্চলে সাইরেন বা সতর্ক-ঘণ্টা বেজে ওঠে বলে ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে।