হামলাকারীর লক্ষ্য ছিলো ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা!

ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের’ নৈশভোজ চলাকালে বন্দুক হামলার ঘটনায় প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে ধারণা করা যাচ্ছে যে, সন্দেহভাজন হামলাকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তাদেরই লক্ষ্যবস্তু করেছিলেন, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। 

রোববার (২৬ এপ্রিল) মার্কিন সম্প্রচার টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

ব্ল্যাঞ্চ বলেন, এটা স্পষ্ট যে, সে (সন্দেহভাজন হামলাকারী) প্রকৃতপক্ষে প্রশাসনে কর্মরত ব্যক্তিদের, সম্ভবত প্রেসিডেন্টসহ বাকিদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যেই এসেছিলেন। 

তিনি আরও বলেন, হামলাকারী সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো এবং তারপর ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। 

সন্দেহভাজন ওই হামলাকারীর বিরুদ্ধে সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ফেডারেল কর্মকর্তাকে আক্রমণ এবং হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র চালানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে বলেও জানান তিনি। 

এদিকে সন্দেহভাজন ব্যক্তিটি আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তে সহযোগিতা করছে না বলেও অভিযোগ টড ব্ল্যাঞ্চের।

এর আগে স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের’ নৈশভোজ চলার সময় বন্দুক হামলার ঘটনা ঘটে। এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। নৈশভোজের ভেন্যু হোটেল হিলটনের নিরাপত্তা কর্মীদের ওপর এক ব্যক্তি অতর্কিত গুলি চালালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হামলাকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন, বয়স ৩১। 

শনিবার রাতের সেই ভয়ানক ঘটনার বর্ণনা দিয়ে কর্তৃপক্ষ জানায়, কোল অ্যালেন একাধিক অস্ত্র নিয়ে হোটেলের একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টে চড়াও হন। তিনি এক অফিসারের ওপর শটগান দিয়ে গুলি চালান, তবে ওই অফিসার বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে প্রাণে বেঁচে যান।

পাল্টাপাল্টি গুলিবর্ষণের পর তাকে কোনো রকম আঘাত ছাড়াই গ্রেপ্তার করা হয়।  

তদন্তকারীদের মতে, অ্যালেন ওই হোটেলেরই একজন অতিথি ছিলেন। তবে কেন তিনি এই হামলা চালিয়েছেন, তার সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য এখনো জানা যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে একজন 'লোন উলফ' বা একাকী হামলাকারী এবং একজন 'অসুস্থ ব্যক্তি' হিসেবে বর্ণনা করেছেন।