তালেবান জঙ্গিগোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা ও নবগঠিত তালেবান সরকারের উপ প্রধানমন্ত্রী মোল্লাহ আবদুল গনি বেরাদারের মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে সংগঠনটি।
তালেবান মুখপাত্র সুলাইল শাহীন এক টুইটবার্তায় জানিয়েছেন, তালেবান রাজনৈতিক দপ্তরের প্রধান এবং নবনিযুক্ত উপ প্রধানমন্ত্রী বেরাদার এক অডিও বার্তায় তার জীবিত থাকার খবরটি নিশ্চিত করেছেন। পাশাপাশি তার কান্দাহারে বিভিন্ন বৈঠকে অংশ নেয়ার ভিডিও প্রকাশ করেছে তালেবান।
গত কয়েকদিন ধরেই সিরাজুদ্দিন হাক্কানির সমর্থকদের সাথে বেরাদারের সংঘর্ষের খবর বিভিন্ন জায়গায় প্রকাশ করা হচ্ছিল। ফলে সংগঠনের ভেতরে সামরিক নেতাদের মধ্যে বিরোধ নিয়েও চলছে জল্পনাকল্পনা।
রোববার (১২ সেপ্টেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তালেবানের নতুন মন্ত্রীসভার বৈঠকে বেরাদার অনুপস্থিত থাকায় তার মৃত্যুর গুঞ্জন ওঠে। ধারণা করা হচ্ছিল, সংঘর্ষে নিহত বা গুরুতর আহত হয়েছেন তিনি।
আরও পড়ুন: ঘরের সব কিছু বিক্রি করে দিচ্ছে আফগানরা
তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লাহ আখুন্দজাদাও ১৫ আগস্ট আফগানিস্তান দখলের পর জনসম্মুখে আসেননি। তবে, গত সপ্তাহে সরকার ঘোষণার পর এক বিবৃতি প্রকাশ করেন তিনি।
এদিকে, আফগানিস্তানের তালেবান প্রতিরোধের দুর্গ হিসেবে পরিচিত পাঞ্জশিরে তালেবান কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে বিবিসি। এক প্রতিবেদনে তারা জানায়, প্রতিশ্রুতি ভঙ্গ করে পাঞ্জশিরে অন্তত ২০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে তালেবান সদস্যরা।
একাত্তর/এসজে