বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংসতা: বাংলাদেশি তিন পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর পরিবারগুলোর সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ছাড়তে বাধ্য হতে হয়েছে। বর্তমানে তারা অস্থায়ী আবাসনে অবস্থান করছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে উত্তর বেলফাস্টের টাইগার বে এলাকায় মুখোশধারী বিক্ষোভকারীরা অভিবাসীদের বসবাসরত কয়েকটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা জানালা-দরজা ভাঙচুর করে এবং এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে। পরিস্থিতি দ্রুত অবনতি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

জানা গেছে, হামলার শিকার তিনটি বাংলাদেশি পরিবারের মোট ১১ জন সদস্য বর্তমানে অস্থায়ী আবাসনে রয়েছেন। নিরাপত্তা ঝুঁকির কারণে তারা এখনো নিজেদের বাড়িতে ফিরতে পারেননি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানিয়েছেন, হামলার ঘটনায় তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে তারা নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানও খুলতে পারছেন না। ফলে আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সম্প্রতি ছুরিকাঘাতের একটি ঘটনাকে কেন্দ্র করে বেলফাস্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা বিভিন্ন এলাকায় বাড়িঘর, যানবাহন এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক নেতারা উত্তেজনা প্রশমনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসী পরিবারগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে ফেরার সম্ভাবনা অনিশ্চিত বলে জানা গেছে।