ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) মুর্শিদাবাদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল। একই দূরত্বের মহিলা ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার।
অন্যদিকে, পুরুষদের ৮১ কিলোমিটারের দীর্ঘ ও কঠিন ইভেন্টে রৌপ্যপদক জয় করেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী। একই ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম।
বাংলাদেশ থেকে মোট ৯ জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ৬ জন ১৯ কিলোমিটার এবং ৩ জন ৮১ কিলোমিটার ইভেন্টে অংশ নেন।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশি সাঁতারুদের সাফল্যে আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে ৮১ কিলোমিটারের মতো দীর্ঘ ও কঠিন ইভেন্টে দুটি পদক পাওয়া বাংলাদেশের সাঁতারের জন্য বড় অর্জন।