কানাডার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ট্রুডোর দল

কানাডার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, আবারও সরকার গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। প্রাথমিক ট্রেন্ড পর্যালোচনা করে এমনটাই জানিয়েছে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন- সিবিসি।

সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশ পরিচালনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হয় জাস্টিন ট্রুডোকে।

তাই, করোনা মহামারির মধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে দুই বছর আগেই নির্বাচন দিয়েছেন ট্রুডো।

তবে, কানাডার সাধারণ মানুষ খুব একটা সন্তুষ্ট নয় বেশ কিছু ইস্যুতে। ফলে ৪৯ বছর বয়সী ট্রুডো সঙ্কট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা করছিলেন।

বিভিন্ন জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়ায় ট্রুডোর লিবারেল পার্টির আরও শক্তিশালী হয়ে উঠার সম্ভাবনা নিয়েই এখন প্রশ্ন দেখা গেছে।

সবশেষ জরিপে দেখা গেছে, ট্রুডোর লিবারেলরা ১৫৭টি আসন জিততে যাচ্ছেন বলে আংশিক ফলে দেখা যাচ্ছে। এরিন ওটুল নেতৃত্বাধীন রক্ষণশীলরা এগিয়ে আছেন ১২১টি আসনে। ট্রুডো এবং এরিন ওটুল তাদের নিজ নিজ আসনে সহজ জয় পেয়েছেন।

কানাডার পার্লামেন্টের ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় পেতে হবে।


একাত্তর/এসএ