হরমুজ প্রণালীতে অননুমোদিত পথে চলাচলের অভিযোগে দুটি বিশাল তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। জাহাজ দুটিতে মোট ৪০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজ দুটি আগুনে জ্বলছে বলে জানিয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, রাতের বেলায় হরমুজ প্রণালির দক্ষিণ দিকের একটি অননুমোদিত পথে জাহাজ দুটি চলাচল করছিল। এ সময় প্রণালির নৌ চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র থেকে বারবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে।
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি মোট ৪০ লাখ ব্যারেলের বেশি তেল বহন করছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর আস্থার কারণেই জাহাজ দুটি এই পরিণতির মুখে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী।
একই সঙ্গে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলাচলকারী অন্য জাহাজগুলোকেও সতর্ক করেছে বাহিনীটি। বিবৃতিতে বলা হয়, কোনো জাহাজ চলাচলের সময় নিজস্ব দিকনির্দেশনা ব্যবস্থা বন্ধ করে দেয় এবং অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি