ক্ষমতা হারানোর শঙ্কা, ইরানের সঙ্গে নতুন যুদ্ধ বাধাতে মরিয়া নেতানিয়াহু

গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক হামলা এবং নিজ দেশে নাগরিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগে রাজনৈতিক চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতার পালাবদলের সম্ভাবনা জোরালো হওয়ায় নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে তিনি মরিয়া হয়ে উঠেছেন। এ পরিস্থিতিতে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু করার চেষ্টা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে ইসরায়েলি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এ ক্ষেত্রে বিরোধী দলের সংযমের আহ্বানও উপেক্ষা করছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় প্রতিদিন ফোন করে ইরানে নতুন করে হামলা চালানোর জন্য চাপ দেওয়ার তথ্য প্রকাশিত হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সামরিক অভিযানের প্রস্তাব নিয়ে নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীর প্রধান আইয়াল জামিরের মধ্যে একাধিকবার বিরোধ হয়েছে। বৃহত্তর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়ে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন জামির।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তার পক্ষে সরকার গঠন নিশ্চিত নয়। নেতানিয়াহু নিজে ও তার দল লিকুদকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করছেন। আর আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচনের পথ তৈরি হতে পারে।

লন্ডনের কিংস কলেজের ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, ‘নেতানিয়াহু মরিয়া হয়ে উঠেছেন। তার আচরণেই বোঝা যাচ্ছে, রাজনৈতিকভাবে তার সময় শেষ হয়ে আসছে। তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে কেবল জাতীয় ঐক্যের সরকার।’

ব্রেগম্যানের মতে, ছোট পরিসরের একটি যুদ্ধ আইজেনকট ও তার সহযোগীদের সংকটের সময় জাতীয় ঐক্যের সরকার গঠনে বাধ্য করতে পারে।

বিরোধী দলের অনেক নেতা, এমনকি আইজেনকটও অভিযোগ করেছেন, নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহু দেশকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন। পাশাপাশি জোট সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত করে নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে ইরানের সঙ্গে যুদ্ধ বাধানোর চেষ্টা করলেও হামলা শুরু হলে তার বিরোধীরাও শেষ পর্যন্ত তার পাশে দাঁড়াতে পারেন।

ইসরায়েলের বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ‘ইরানফোবিয়া’ বইয়ের লেখক হাগাই রাম বলেন, ‘বিষয়টি আপাতদৃষ্টিতে স্ববিরোধী। সবাই জানেন, যুদ্ধের পরিস্থিতি কৃত্রিমভাবে তৈরি করা হতে পারে। কিন্তু ইরানকে ঘিরে আতঙ্ক সবকিছুকে ছাপিয়ে যায়। নেতানিয়াহু যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারেন, তাহলে বিরোধীরাও তার পাশে দাঁড়াবেন। জনসাধারণও তাদের কাছ থেকে সেটিই প্রত্যাশা করবে।’

তিনি আরও বলেন, ‘বিরোধী শিবিরের সাবেক সামরিক কর্মকর্তারা সারা জীবন ইরানের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন। আর ইরানের হুমকি নিয়ে বছরের পর বছর প্রচারের কারণে সাধারণ মানুষের একটি বড় অংশ যুদ্ধকে অনিবার্য বলে মনে করছেন।’

ইরানকে ঘিরে দীর্ঘদিনের আতঙ্ক

ইরানের সঙ্গে ইসরায়েলের কয়েক দশকের বৈরিতা দেশটির মানুষের জীবনে দীর্ঘদিনের বাস্তবতা। লেবাননের হিজবুল্লাহসহ ইরানের আঞ্চলিক মিত্রদের হামলার আশঙ্কা এবং ইসরায়েলকে ধ্বংসের হুমকি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে দেশটিতে।

ছবি- সংগৃহীত

১৯৯০-এর দশক থেকে ইসরায়েলি নেতারা বারবার সতর্ক করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে এবং তা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে একাধিক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে ১২ দিনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই সংঘাত বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর কয়েকটিতে বিঘ্ন সৃষ্টি করে, আর্থিক বাজারে অস্থিরতা তৈরি করে এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের দৈনন্দিন ব্যয়ে প্রভাব ফেলে।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক মনোবিজ্ঞানী ড্যানিয়েল বার-তালের মতে, ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধ নেতানিয়াহুকে বর্তমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে পারে।

তিনি বলেন, ‘বর্তমানে ইসরায়েলের অধিকাংশ মানুষ নেতানিয়াহু ও তার জোট সরকারের বিরোধী। একাধিক ফৌজদারি মামলার মুখোমুখি নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই করছেন।’

বার-তাল মনে করেন, ইসরায়েলের প্রধান মিত্র ও সামরিক সহায়তাদাতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ইরান নিয়ে চলমান মার্কিন আলোচনা ভণ্ডুল করতে দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে ইসরায়েলিরা তা সমর্থন করবেন। বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে নেতানিয়াহুর জন্য এটি একটি কার্যকর রাজনৈতিক কৌশল হতে পারে।

অধ্যাপক হাগাই রামের মতে, আপাতত ইসরায়েলের মানুষের মধ্যে যুদ্ধের এক ধরনের স্থায়ী অপেক্ষা বিরাজ করছে। তিনি বলেন, ‘যুদ্ধের পক্ষে যুক্তি যে কৃত্রিমভাবে তৈরি করা হতে পারে, তা অনেকেই বোঝেন। তবু তার পরিচিত অনেক মানুষ, এমনকি শিক্ষার্থী ও বন্ধুরাও যুদ্ধকে অনিবার্য মনে করছেন। যুদ্ধ শুরু হলে এসব সন্দেহ ও উপলব্ধি সত্ত্বেও তারা সামরিক বাহিনীর ডাকে সাড়া দেবেন এবং নির্দেশ পালন করবেন।’

সূত্র: আল-জাজিরা