জুলাই মাসের ১৯ তারিখ। মুম্বাইয়ের নিজের বাসা থেকে ছোট ছেলেকে “কয়েক মিনিটের মধ্যেই ফিরছি” বলে সবজি কিনতে বেরিয়েছিলেন ৩৮ বছর বয়সী শাহিদা ফকির। কিন্তু সেই কয়েক মিনিট আর শেষ হলো না। তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, স্বামী আর দুই সন্তানকে ফেলে রেখে শাহিদা এখন আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার একটি নিভৃত গ্রামে। নিজের জন্মভূমি, পূর্বপুরুষের ভিটেমাটি আর বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ‘অবৈধ বাংলাদেশি’ তকমা দিয়ে রাতের আঁধারে সীমান্ত দিয়ে তাঁকে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশে।
শাহিদার এই করুণ কাহিনি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে উঠে এসেছে এমনই ভয়াবহ এক মানবিক ও রাজনৈতিক সংকটের চিত্র। ভারতের ইতিহাসে নজিরবিহীন দেশজুড়ে সংশোধিত ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেয়া হয়েছে, যার বড় শিকার হয়েছেন দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর এই ভোটার তালিকা সংশোধনের আড়ালেই চলছে সন্দেহভাজন ‘অবৈধ অভিবাসী’ শনাক্ত ও দেশছাড়া করার এক নির্মম অভিযান।
রাতের আঁধারে সীমান্তে পুশইন ও শাহিদার আর্তনাদ: সাতক্ষীরায় বসে রয়টার্সকে সেই ভয়াবহ দিনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাহিদা ফকির। তিনি জানান, মুম্বাইয়ের রাস্তায় পেছন থেকে একজন তাঁর হাত চেপে ধরে জোর করে গাড়িতে তোলে। আদালতের নথিপত্র বলছে, সাদা পোশাকের ওই কর্মকর্তারা ছিলেন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্য। আটক করার পরই কেড়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোন, যেখানে তাঁর ভারতীয় পরিচয়পত্রের ডিজিটাল কপি সংরক্ষিত ছিল। কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই রাত ১টার দিকে কাঁটাতারহীন ও জনমানবহীন সীমান্ত দিয়ে কাদামাখা অবস্থায় তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা হেঁটে চলার পর এক কৃষক তাঁকে কাঁদতে দেখে আশ্রয় দেন।
মুম্বাই পুলিশ আদালতে দাবি করেছে, আসাম সীমান্তে বিএসএফের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং ওই অভিযানে মোট ১৪৯ জনকে ‘বাংলাদেশি নাগরিক’ হিসেবে শনাক্ত করে বিতাড়িত করা হয়। এমনকি মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) কলকাতা হাইকোর্টে দাবি করেছে, শাহিদা নাকি একটি বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেননি।
অথচ রয়টার্সের হাতে আসা পারিবারিক নথিপত্র বলছে ভিন্ন কথা। ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন শাহিদার বাবা-মা ও দাদা-দাদি। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম ছিল, যা বর্তমান সংশোধনীতে নাগরিকত্বের মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। এমনকি ২০০৮ সাল থেকে শাহিদা নিজেও পশ্চিমবঙ্গের নিয়মিত ভোটার। শাহিদার ভাষায়, “এক মুহূর্তের জন্যও ভাবিনি তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার পূর্বপুরুষ—সবকিছুর শিকড় তো ভারতেই।”
ভোটার তালিকা সংশোধন ও রাজনৈতিক সমীকরণ: ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতির অভিযোগ তুলে আসছে মানবাধিকার সংগঠনগুলো। সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনে পুরো ভারতে ১৩ কোটি নাম কাটা পড়েছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পশ্চিমবঙ্গে, যেখানে চলতি বছরের শুরুতে রাজ্য নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা সংস্থা ‘সাবার ইনস্টিটিউট’-এর তথ্যমতে, রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম হলেও নিবিড় পর্যালোচনার পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম।
এই বিশাল সংখ্যক ভোটার বাদ পড়ার সরাসরি প্রভাব পড়েছে নির্বাচনী ফলাফলে, যার ফলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে বিজেপি। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, সরকারবিরোধী মনোভাবের পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।
ভোটার তালিকা সংশোধন ও দেশছাড়া করার এই যোগসূত্রটি স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যেও স্পষ্ট হয়ে উঠেছে। গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনী সমাবেশে তিনি সরাসরি ঘোষণা দেন, বিজেপির সংকল্প হলো আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেব এবং এরপর একে একে ধরে দেশ থেকে বের করে দেব।
ভোটার তালিকায় নাম না থাকলেই বাংলাদেশি: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কেউ বিদেশি হয়ে যান না, আইনত এমনটাই নিয়ম হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নাসিরউদ্দিন শেখ নামের এক বাসন বিক্রেতা কলকাতা হাইকোর্টে করা আবেদনে জানিয়েছেন, বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকে ও আরও ২২ জনকে আটক করে।
১৪ দিন পর সংশোধিত তালিকায় নাম পাওয়ায় ১৯ জন ছাড়া পেলেও নাসিরউদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটকে রাখা হয়। নাসিরউদ্দিন বলেন, একজন পুলিশ কর্মকর্তা আমাকে সরাসরি বলেন, ভোটার তালিকায় তোমার নাম নেই, তুমি একজন বাংলাদেশি।
আদালতে শুনানির ঠিক আগের রাতে মুক্তি পাওয়া নাসিরউদ্দিন জানান, তাঁদের যে বন্দিশিবিরে রাখা হয়েছিল তা ছিল আক্ষরিক অর্থেই একটি জেলখানা, যেখানে বায়োমেট্রিক নিবন্ধন ও মেডিকেল পরীক্ষার পর ৬০ জনের বেশি মানুষকে আটকে রাখা হয়েছিল। যদিও রাজ্য সরকার ও পুলিশ হাইকোর্টে দাবি করেছে যে পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী ডিটেনশন ক্যাম্প নেই। তবে মুর্শিদাবাদের একটি হোল্ডিং সেন্টারে গিয়ে রয়টার্সের সাংবাদিকরা ভেতরে কাপড় ঝুলতে এবং জানালা দিয়ে মানুষজনকে উঁকি দিতে দেখেছেন; বাইরে দাঁড়িয়ে ছিল অ্যাম্বুলেন্স ও পুলিশের প্রিজন ভ্যান।
আদালতে আইনি লড়াই ও অনিশ্চিত ভবিষ্যৎ: বর্তমানে শাহিদার স্বামী জুম্মন সুপ্রিম কোর্টে স্ত্রীকে ফিরিয়ে আনার আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আগস্টে দায়ের করা এক পিটিশনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকত্ব নির্ধারণের মাপকাঠি হতে পারে না। মানবাধিকার কর্মী কিরীটী রায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা জমে আছে, মানুষ ন্যায়বিচারের অপেক্ষায়। ট্রাইব্যুনালগুলোর গতি অত্যন্ত ধীর। যা ঘটছে তাতে আমরা পুরোপুরি হতাশ।
১৯৪৭-এর দেশভাগ আর ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাসে জড়িয়ে থাকা সীমান্তবর্তী এই জনপদে আজ নতুন করে তৈরি হয়েছে নাগরিকত্ব হারানোর আতঙ্ক। একদিকে ভারতের আদালতে লাখো মানুষের আইনি লড়াই, অন্যদিকে সাতক্ষীরার এক অচেনা গ্রামে বসে নিজের স্বামী ও দুই সন্তানের কাছে ফেরার প্রহর গুনছেন শাহিদা ফকির।