ভারতের বেঙ্গালুরুতে একই প,রিবারের সাত সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই বেরিয়ে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। পুলিশের জিজ্ঞাসাবাদে এই মামলার মূল অভিযুক্ত ৫২ বছর বয়সী ক্যাবচালক ইন্দুশেখর কোনো অনুশোচনা ছাড়াই জানিয়েছেন, স্ত্রী ও শ্বশুরবাড়ির সাত সদস্যকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তিনি এখন ভীষণ ‘শান্তিতে ও তৃপ্তিতে’ আছেন।
শনিবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্ত্রীর নিয়মিত অপমান ও শ্বশুরবাড়ির লোকজনের অবহেলার প্রতিশোধ নিতেই তিনি এই ভয়াবহ হত্যাকাণ্ডের ছক কষেছিলেন। তবে এই নৃশংসতার পেছনে বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকার প্রায় ৩ কোটি রুপির একটি সম্পত্তি নিয়ে বিরোধও বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, বাবার এই ভয়াবহ পরিকল্পনার কথা আগে থেকেই জানতেন ইন্দুশেখরের মেয়ে এবং তিনি বাবাকে সাহায্যও করেছেন। মায়ের অংশের সম্পত্তি নিজের নামে লিখে দেয়ার প্রলোভনে পড়েই মেয়েটি নৃশংসতায় হাত মেলান বলে অভিযোগ রয়েছে।
হত্যাকাণ্ডের পর বাড়ির মেঝে থেকে রক্তের দাগ মুছে ফেলতে নিয়মিত রাসায়নিক দ্রব্য কিনে এনে পরিষ্কার করার কাজটি করেছিলেন তিনিই, যাতে খুনের কোনো প্রমাণ না থাকে। এমনকি মরদেহগুলো প্যাক করে বিভিন্ন জায়গায় ফেলে আসার কাজেও বাবাকে সঙ্গ দিয়েছিলেন ওই তরুণী।
তদন্তকারীরা জানিয়েছেন, বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকার ওই ৩ কোটি রুপির সম্পত্তির বড় একটি অংশ শাশুড়ির কাছে দাবি করেছিলেন ইন্দুশেখর। কিন্তু শাশুড়ি রূপাবতী দুই ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাকে কেবল ন্যায্য অংশটুকুই দিতে রাজি হন। মূলত এরপর থেকেই ক্ষোভ দানা বাঁধতে থাকে। সবচেয়ে লোমহর্ষক বিষয় হলো, পরিবারের সদস্যদের হত্যা করার পর সম্পত্তির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ বা টিপসই স্ট্যাম্প পেপারে নিয়ে রেখেছিলেন অভিযুক্ত ইন্দুশেখর।
গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ঘটে যাওয়া এই ধারাবাহিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইন্দুশেখরের স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শংকর, তাঁদের দুই স্ত্রী নলিনী ও দিব্যা এবং মাত্র সাত বছর বয়সী নাতি পুনীত।
পুলিশের তথ্যমতে, ১৬ অক্টোবর শিলনোড়া দিয়ে আঘাত করে নিজের স্ত্রী সুনীতাকে হত্যার মধ্য দিয়ে এই রক্তাক্ত অধ্যায়ের শুরু হয় এবং তার মরদেহ নন্দী হিলসের কাছে ফেলে আসা হয়। পরবর্তী দুই সপ্তাহে কখনো মদ্যপানের পার্টির আমন্ত্রণ জানিয়ে, আবার কখনো অন্য সদস্যরা বেড়াতে গেছেন এমন মিথ্যা অজুহাত দিয়ে বাকিদের একে একে বাড়িতে ডেকে এনে হত্যা করা হয়।
ইন্দুশেখর এবং তার মেয়ের ধারণা ছিল, বিভিন্ন স্থানে মরদেহ গুম করে ফেলায় এই অপরাধ কখনোই আলোর মুখ দেখবে না। এমনকি শুরুতে ইন্দুশেখর যখন সাতজনকে খুনের কথা স্বীকার করেন, তখন পুলিশ কর্মকর্তারাও তা বিশ্বাস করতে চাননি। কিন্তু তার দেখানো বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করার পর অপরাধের ব্যাপ্তি ও ঠান্ডা মাথার পরিকল্পনা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছেন খোদ তদন্তকারী কর্মকর্তারাও।
তথ্যসূত্র: গালফ নিউউ-আইএএনএস
