২৫ বছরে চার কোটি মৃত্যু দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কোভিড-১৯ এর মতো দৃশ্যমান কোনো বৈশ্বিক আতঙ্ক না হলেও মানবসভ্যতার জন্য এটি এক নিঃশব্দ ও ভয়ংকর বিপদ। অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ওষুধের কার্যকারিতা হারিয়ে যাওয়ার যে সংকট তৈরি হয়েছে, তা আগামী ২৫ বছরের মধ্যে কেড়ে নিতে পারে ৩ কোটি ৯০ লাখ মানুষের প্রাণ! শুধু তাই নয়, এই সংকট চলতে থাকলে সাধারণ শল্যচিকিৎসা (সার্জারি) কিংবা সন্তান প্রসবের মতো অতি সাধারণ চিকিৎসা পদ্ধতিও মানুষের জন্য হয়ে উঠতে পারে চরম জীবনঘাতী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক চাঞ্চল্যকর ও সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানিয়েছে।

চলমান ষষ্ঠ বার্ষিক গ্লোবাল মিডিয়া ফোরাম অন এএমআর-এর এক ভার্চুয়াল কনফারেন্সে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, সংক্রমণ প্রতিরোধ, সঠিক রোগ নির্ণয় এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে বৈশ্বিক অগ্রগতি এখনো অত্যন্ত মন্থর।

ডব্লিউএইচওর এএমআর বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জাঁ-পিয়েরে নিয়েমাজি বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তথা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর আজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আধুনিক চিকিৎসার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। তিনি আরও বলেন, কোভিড-১৯ খুব দৃশ্যমান ছিল, কিন্তু ওষুধ প্রতিরোধী এই সংক্রমণগুলো বছরের পর বছর ধরে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে অথচ আমরা সেভাবে টের পাচ্ছি না বা সময়মতো জোরালো সাইরেন বা সতর্কতা বাজাতে পারছি না। ডব্লিউএইচওর পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে একা এটি সরাসরি দশ লাখেরও বেশি মৃত্যুর জন্য দায়ী ছিল এবং প্রায় ৪৭ লাখ মৃত্যুর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত ছিল।

WHO Health Alart 1
জাতীয় কর্মপরিকল্পনা ও অর্থাভাবের চিত্র:
চলতি বছর বিশ্বের ১৮৩টি দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতির ওপর একটি তদন্ত চালানো হয়। এতে দেখা গেছে, প্রায় ১০টির মধ্যে ৯টি দেশেরই এএমআর মোকাবিলার জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে, যা ২০১৭ সালে ছিল মাত্র ১০টির মধ্যে ৪টি।

তবে স্বাস্থ্য সংস্থার এএমআর কারিগরি কর্মকর্তা প্রবশা প্রকাশ উদ্বেগ প্রকাশ করে জানান, প্রতি ৫টির মধ্যে মাত্র ১টি দেশ অর্থাৎ মাত্র ৪২টি দেশের এমন পরিকল্পনা রয়েছে যা যথাযথভাবে অর্থায়ন, বাস্তবায়ন ও মনিটরিং করা হয়। তিনি বলেন, দেশগুলো প্রতিটি ধাপে এগিয়ে চলেছে, তবে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে এই অগ্রগতির গতি আরও বাড়াতে হবে।

সর্বশেষ বৈশ্বিক নজরদারির তথ্য বলছে, ২০২৩ সালে ডব্লিউএইচওর কাছে নথিবদ্ধ প্রতি ছয়টি ল্যাবরেটরি-নিশ্চিত ব্যাকটেরিয়াল সংক্রমণের মধ্যে একটির ক্ষেত্রেই দেখা গেছে যে, সেই সংক্রমণটি তার চিকিৎসার জন্য নির্ধারিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে (রেজিস্ট্যান্ট)। ডব্লিউএইচওর নজরদারি বিভাগের প্রধান সিলভিয়া বার্টাগ্নোলো বলেন, পরীক্ষা ছাড়াই চিকিৎসকদের এমনভাবে চিকিৎসা দিতে হয় যেখানে তারা সংক্রমণের আসল কারণ বা কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে তা জানেন না।

WHO Health Alart 2
নতুন রোগ নির্ণয় সরঞ্জাম ও সমাধানের পথ:
এই সংকট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুটি নতুন টুল বা সরঞ্জাম উন্মোচন করেছে, যা বিভিন্ন দেশের রোগ নির্ণয় বা ডায়াগনস্টিক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। প্রথম টুলটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে রেফারেল হাসপাতাল পর্যন্ত প্রতিটি স্তরের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কী ধরনের পরীক্ষা উপলব্ধ থাকা উচিত তা নির্ধারণ করে দেয়।

দ্বিতীয় টুলটিতে নমুনা সংগ্রহ থেকে শুরু করে প্যাথোজেনের শনাক্তকরণ এবং অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতা পরীক্ষা পর্যন্ত ৭৩টি ল্যাবরেটরি পদ্ধতি সংকলিত করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এই সংকট মোকাবিলায় প্রধান হাতিয়ার হলো—সংক্রমণ প্রতিরোধ, টিকাদান, নিরাপদ পানি ও স্যানিটেশনের উন্নত ব্যবস্থা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের সঠিক ও পরিমিত ব্যবহার নিশ্চিত করা। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে চিকিৎসাবিজ্ঞানের এই অগ্রযাত্রাই হোঁচট খেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

তথ্যসূত্র: আল জাজিরা