মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের বিচারেও গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করেছে। এই রায় ইসরায়েলের আত্মপক্ষ সমর্থনের অবস্থানকে দুর্বল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে চাপে পড়তে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে ঐতিহাসিক রায় দেন। ১৯১ পৃষ্ঠার রায় পড়ে শোনাতে বিচারকদের প্রায় তিন ঘণ্টা সময় লাগে। সংখ্যাগরিষ্ঠ নয়জন বিচারক ছয়জনের বিপরীতে সিদ্ধান্ত দেন, মিয়ানমারের সামরিক জান্তার কর্মকাণ্ডের পেছনে গণহত্যার অভিপ্রায় ছাড়া অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নেই।
কোনো দেশের মামলার রায় সরাসরি অন্য দেশের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। প্রতিটি মামলার বিচার হয় নিজস্ব তথ্যপ্রমাণ ও পরিস্থিতির ভিত্তিতে। তবে মিয়ানমারের মামলায় তৈরি হওয়া আইনি নজির গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে গণহত্যার অভিযোগের বিচারকে প্রভাবিত করতে পারে।
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে গণহত্যার একটি মৌলিক পার্থক্য রয়েছে। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে অপরাধ সংঘটনের পেছনে ‘গণহত্যার অভিপ্রায়’ প্রতিষ্ঠা করতে হয়। অর্থাৎ কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হয়েছে, তা প্রমাণ করা জরুরি। এ ছাড়া রাষ্ট্রের কর্মকাণ্ডের পেছনে গণহত্যার অভিপ্রায়ই একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা কি না, সেটিও বিবেচনায় নিতে হয়।
ইসরায়েলসহ আন্তর্জাতিক অঙ্গনের অনেক আইনজীবী এত দিন মনে করতেন, লিখিত কোনো নির্দেশনা বা চূড়ান্ত পরিকল্পনার দলিল ছাড়া গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা অত্যন্ত কঠিন। তবে বৃহস্পতিবারের রায়ে আন্তর্জাতিক বিচার আদালত দেখিয়েছেন, একটি নির্দিষ্ট দলিল ছাড়াও পারিপার্শ্বিক পরিস্থিতি ও বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে গণহত্যার অভিপ্রায় প্রতিষ্ঠা করা সম্ভব।
রোহিঙ্গাদের ওপর হামলায় লক্ষ্যবস্তু জনগোষ্ঠীর এক দশমিক দুই শতাংশ নিহত হয় এবং সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। মিয়ানমারের সামরিক জান্তার দাবি ছিল, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালানো হয়েছে। আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। একইভাবে বলকান অঞ্চলে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে জাতিগত নিধন কিংবা সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনীর পদক্ষেপের ব্যাখ্যাও আদালত প্রত্যাখ্যান করেন।
রায়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অধিকারবঞ্চনা, বিদ্বেষমূলক বক্তব্য, ব্যাপক হত্যাকাণ্ড ও ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা, গ্রাম গুঁড়িয়ে দেওয়া, বিপুলসংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করা এবং অন্যদের দুর্গম শরণার্থীশিবিরে আটকে রাখার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। এসব ঘটনা একত্রে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ বলে মনে করেছে আদালত।
ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভের আইন উপদেষ্টা বেইনি ইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে বলেন, এটি আইনি ক্ষেত্রে বড় একটি মাইলফলক। গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা বরাবরই কঠিন এবং আইনি বিতর্কের অন্যতম প্রধান বিষয়। পরিস্থিতি ও প্রেক্ষাপটের ভিত্তিতে কীভাবে এই অভিপ্রায় নির্ধারণ করতে হবে, আদালত এবার তার মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। যৌন সহিংসতাকে গণহত্যার হাতিয়ার হিসেবে স্বীকৃতি দেওয়াকেও তিনি যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করেন।
মিয়ানমারের মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, গণহত্যার অভিপ্রায় প্রমাণে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ব্যবহার। এ ছাড়া আগের কোনো ফৌজদারি মামলার রায়ের জন্য অপেক্ষা না করে জাতিসংঘের তদন্ত সংস্থাগুলোর দেওয়া তথ্যপ্রমাণও আদালত বিবেচনায় নিয়েছেন। আদালত আরও বলেছেন, মামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন তৃতীয় কোনো রাষ্ট্রও মামলা করতে পারে। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়া এ মামলা করেছিল।
গাজাসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলাটিও একই ধরনের তৃতীয় পক্ষের উদ্যোগে শুরু হয়েছে। লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিভাগের অধ্যাপক নিমের সুলতানি মনে করেন, মিয়ানমারের মামলায় আদালত যেভাবে আইন প্রয়োগ করে তথ্যপ্রমাণ বিশ্লেষণ করেছেন, তাতে গাজায় ইসরায়েলের অপরাধের ব্যাপকতার কারণে দেশটির মামলাতেও একই ধরনের সিদ্ধান্ত আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
ইসরায়েলের আত্মপক্ষ সমর্থনে চাপ
বৃহস্পতিবারের রায়ের পর জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, আদালতের রায়ের কিছু অংশ গণহত্যার অভিযোগে আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থানকে দুর্বল করেছে। কারণ, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রমাণের মানদণ্ড কিছুটা সহজ হয়েছে। বিশ্লেষণে আরও বলা হয়, আক্রান্ত জনগোষ্ঠীর কোনো অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও বিপরীত পক্ষের পাল্টা হামলা গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে।
বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার সাম্প্রতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বর্তমানে তারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছে। নেতানিয়াহু নিজেও যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাভুক্ত। তবে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় ইসরায়েলে সরকার গঠনের চেষ্টা করা নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের জন্যও স্বস্তির কারণ হবে না বলে মনে করা হচ্ছে।
গাজায় যুদ্ধের প্রথম বছরে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্য ছিলেন আইজেনকোট। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে তিনি ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন। সে সময় ইসরায়েলে বিদ্বেষমূলক বক্তব্যের মাত্রা ছিল সর্বোচ্চ পর্যায়ে এবং গাজায় প্রতিদিনের প্রাণহানিও ছিল চূড়ান্ত পর্যায়ে।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের এখতিয়ার নিয়ে আপত্তিও উঠেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার আন্তর্জাতিক আদালতগুলোকে তাদের এখতিয়ার অতিক্রম না করার বিষয়ে সতর্ক করেন। দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আদালতের উচিত নয় তাদের এখতিয়ারের অপব্যবহার করা। বিবৃতিতে তার সঙ্গে সহস্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের নেতা শি জিনপিং। তারা তখন চীনের শেনঝেনে বৈঠক করছিলেন। ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘বেপরোয়া বিশ্বায়নবাদী সংগঠন’ আখ্যা দিয়ে আগে একে ধাপে ধাপে ধ্বংস করার অঙ্গীকার করেছিলেন।
এদিকে বাংলাদেশের কক্সবাজারের কাছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার দেখে আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানান রোহিঙ্গা শরণার্থীরা। বিচারকেরা রায় ঘোষণার সময় তারা উল্লাস করেন।
এক রোহিঙ্গা বেঁচে যাওয়া ব্যক্তি বলেন, তারা দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষায় ছিলেন। এই বিচারের মাধ্যমে নিজেদের জনগোষ্ঠীর জন্য শান্তি চেয়েছিলেন তারা। অবশেষে বিশ্বের আদালতে তাদের কথা শোনা হয়েছে।
তবে ইসরায়েল ও গাজা নিয়ে চলমান মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের চূড়ান্ত রায় আসতে এখনো এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে বলে মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞ।
সূত্র: দ্য টেলিগ্রাফ