ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান ইস্যুতে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছিলেন তিনি।
তবে বৃহস্পতিবার চীন সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে উড়োজাহাজে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নতুন বছর শুরু হওয়ার পর আমি এ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলব। আমাদের হাতে এখনো সময় আছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর হুমকি এবং সংঘাত কমিয়ে আনার ইঙ্গিত- দুই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই দুলছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারেও তিনি একই সময়সীমার কথা উল্লেখ করে বলেন, জানুয়ারির ১ তারিখের পর কী ঘটে তা আমরা দেখব। এ ছাড়া অ্যাক্সিওস এবং ইসরাইলের চ্যানেল ১২-কে দেয়া অপর এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেন, ইরান বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না।
উল্লেখ্য, গত ৩ নভেম্বরের মার্কিন কংগ্রেস নির্বাচনের আগে ট্রাম্প বারবার দাবি করেছিলেন, নির্বাচনের পর আট মাস ধরে চলা এই সংঘাত নিরসনে ইরান চুক্তিতে আসতে আরও বেশি আগ্রহী হবে। কিন্তু নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাম্প প্রশাসন সুর বদলে জানায়, ইরানের ওপর আরোপিত অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরভাবে কাজ করছে।
এদিকে, আগামী ৩ জানুয়ারি পর্যন্ত রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা মার্কিন সিনেট বৃহস্পতিবারও এই যুদ্ধ সীমিত করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পেছনে ইরান ইস্যুর প্রভাব থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ট্রাম্প। এর আগে সম্ভাব্য ২০২৮ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে এই যুদ্ধের সমালোচনা করে দলের রাজনৈতিক বিপর্যয়ের জন্য একে দায়ী করেছিলেন এবং পরবর্তীতে ট্রাম্প তাঁকে ইরান বিষয়ক কূটনীতি থেকে সরিয়ে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
তবে ভ্যান্সের বক্তব্যের সমর্থন করে ট্রাম্প রয়টার্সকে বলেন, জেডি ঠিকই বলেছে। এই পুরো পরিস্থিতি নিঃসন্দেহে নির্বাচন আমাদের পক্ষে না যাওয়ার অন্যতম কারণ। তবুও নিজের অবস্থানে অনড় থেকে ট্রাম্প যোগ করেন, সবচেয়ে বড় কথা হলো, আমাকে যদি আবারও একই সিদ্ধান্ত নিতে হতো, তবে আমি তা-ই করতাম। কারণ ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যায় না।
অন্যদিকে, ফক্স নিউজের সাক্ষাৎকারে চলতি সপ্তাহে সিএনএন-এ প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যেখানে দাবি করা হয়েছিল যে ইরান ওয়াশিংটনে একটি ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেয়ার সক্ষমতাসম্পন্ন প্রচলিত বিস্ফোরক) বিস্ফোরণের পরিকল্পনা করছে।
ট্রাম্প রাজধানীবাসীর আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই জানিয়ে এই হুমকিকে তেমন গুরুত্ব দেননি। তবে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ হয়ে যাওয়ায় ইরান এখন রাসায়নিক ও জৈব অস্ত্রের দিকে নজর দিচ্ছে।
ট্রাম্পের এই দাবির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির এই মার্কিন অভিযোগ কেবল ভীতি ছড়ানো এবং সামরিক হামলার অজুহাত তৈরির অপচেষ্টা মাত্র। এর আগে সিএনএন’র প্রতিবেদনটিকেও পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিল ইরান।
উল্লেখ্য, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে এলেও তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালানোর পেছনে দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাকেই প্রধান কারণ হিসেবে দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।