রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার সামারা অঞ্চলের সিজরান শহরে রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক রাজধানী সামারায় ড্রোন আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভলগা নদীর তীরে অবস্থিত সিজরান ও সামারা শহরে তিনটি বড় তেল শোধনাগার রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইবিহীন তথ্য অনুযায়ী, এর মধ্যে অন্তত দুটি- সিজরান ও কুইবিশেভ তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে; তবে রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

সামারার আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাতভর স্থানীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী ১৪৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে এবং এর প্রভাবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

রাশিয়ার ফেসবুকসদৃশ সামাজিক যোগাযোগমাধ্যম ভিকন্টাক্টে দেওয়া এক বার্তায় গভর্নর লেখেন, স্থলভাগে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন; তবে শত্রুর হাতে কোনো সুযোগ তুলে দেবেন না এবং হামলার পরবর্তী পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরের মাঝামাঝি সময়ে একটি জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর রুশ তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা কিছুটা কমে এসেছিল। তবে গত মাসের শেষ দিক থেকে সেই হামলা আবারও তীব্রভাবে বেড়ে গেছে।

তথ্যসূত্র: রয়টার্স