কেন ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কালিনিনগ্রাদ?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

ফিনল্যান্ড উপসাগরে সামরিক সংশ্লিষ্ট একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর গত শনিবার রুশ ছিটমহল কালিনিনগ্রাদের প্রধান বিমানবন্দরে কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয় এবং কর্তৃপক্ষ ড্রোন সতর্কতা জারি করে।

কালিনিনগ্রাদ কোথায় এবং এটি কী?

এটি অত্যন্ত সামরিকীকৃত একটি অঞ্চল, যা ন্যাটো সদস্য পোল্যান্ড ও লিথুয়ানিয়া এবং বাল্টিক সাগরের মাঝে অবস্থিত, কিন্তু মূল রাশিয়া থেকে বিচ্ছিন্ন। এর জনসংখ্যা প্রায় ১০ লাখ এবং আয়তন যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের চেয়ে সামান্য বড়।

এটি কীভাবে রাশিয়ার অংশ হলো?

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই ছিটমহলটি ছিল জার্মান ভূখণ্ড পূর্ব প্রুশিয়ার উত্তর অংশ, যার রাজধানী কোয়েনিসবার্গে দার্শনিক ইমানুয়েল কান্ট বসবাস করতেন। ১৯৪৫ সালের এপ্রিলে রেড আর্মি এটি দখল করে এবং যুদ্ধ শেষে বিজয়ী মিত্রশক্তি অঞ্চলটি সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ডের মধ্যে ভাগ করে নেয়। কোয়েনিসবার্গের নাম পরিবর্তন করে রাখা হয় কালিনিনগ্রাদ, এবং পুরো ছিটমহলটিই এই নামে পরিচিতি পায়।


কৌশলগতভাবে এটি কেন গুরুত্বপূর্ণ?

এটি রাশিয়াকে এমন একটি অবস্থান দেয়, যেখান থেকে বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর মাধ্যমে উত্তর ও মধ্য ইউরোপের গভীরে শক্তি প্রয়োগ করা যায়; একই সঙ্গে স্থলপথে বাল্টিক সদস্য রাষ্ট্রগুলোতে ন্যাটো বাহিনীর পৌঁছানোর সক্ষমতাও সীমিত করে। অন্যদিকে, দুটি ন্যাটো রাষ্ট্রের মাঝে আটকে থাকায় যুদ্ধ বাধলে কালিনিনগ্রাদে রসদ সরবরাহ করা বা এটি রক্ষা করা মস্কোর জন্য কঠিন হবে।

সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির কারণ কী?

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই উত্তেজনা ক্রমে বেড়েছে, যার ফলে ন্যাটো তাদের পূর্ব সীমান্ত শক্তিশালী করতে পদক্ষেপ নেয়। অঞ্চলটিতে জোটের সম্প্রসারণ ঘটেছে, ২০২৩ সালে ফিনল্যান্ড এবং ২০২৪ সালে সুইডেন ন্যাটোতে যোগ দেয়।


রাশিয়া কালিনিনগ্রাদের জন্য ক্রমবর্ধমান হুমকি দেখছে। ২০২৬ সালের মে মাসে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে রাশিয়া ‘উন্মাদনার কাছাকাছি’ বলে আখ্যা দেয়; ওই মন্ত্রী বলেছিলেন যে, ‘কালিনিনগ্রাদে গড়ে তোলা ছোট দুর্গে অনুপ্রবেশ’ এবং এর বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা মস্কোকে দেখানো ন্যাটোর উচিত।

এক পশ্চিমা সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, ২০২৬ সালের আগস্টের মাঝামাঝি কালিনিনগ্রাদের আশপাশে ন্যাটোর কয়েক ডজন বিমান একটি অঘোষিত অভিযানে অংশ নেয়; রাশিয়ার সাথে সংঘাত বাধলে ছিটমহলটির রেডিও ও রাডার সংযোগ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিচ্ছিন্ন করার সক্ষমতা প্রদর্শন করাই ছিল এর লক্ষ্য।


পরবর্তী সময়ে ইউরোপের রুশ দূতাবাসগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাল্টিক অঞ্চলে ন্যাটোর সামরিক তৎপরতা এবং কালিনিনগ্রাদ নিয়ে নীতিনির্ধারক ও গণমাধ্যমের কঠোর বক্তব্য তুলে ধরে, যা মস্কো হুমকি হিসেবে দেখছে।

ন্যাটোর বক্তব্য অনুযায়ী, সমুদ্রতলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোর হুমকি মোকাবিলার প্রতিক্রিয়ায় তারা বাল্টিক সাগরে উপস্থিতি বাড়িয়েছে। দূতাবাসগুলোর সতর্কবার্তার জবাবে ন্যাটো মস্কোকে ‘ক্রমবর্ধমান বেপরোয়া আচরণ’ ও ‘দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক বক্তব্য’ বন্ধ করার আহ্বান জানায়।

২০২৬ সালের অক্টোবরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেন, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র দিয়ে যে ভূখণ্ড রক্ষার অঙ্গীকার মস্কো করেছে, সেই কালিনিনগ্রাদকে হুমকি দিয়ে ইউক্রেন নিয়ে অচলাবস্থা যেন আরও বাড়ানো না হয়।


কোন বিষয়গুলো সংকট উসকে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা?

২০২২ সাল থেকেই ইউরোপীয় রাষ্ট্রগুলো সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে চলেছে—রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র, গোয়েন্দা তথ্য ও নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা করলেও নিজেরা সরাসরি সংঘাতে জড়ানো থেকে বিরত রয়েছে, যদিও মস্কো বলেছে যে তারা ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যেকোনো ভুল হিসাবনিকাশ সরাসরি সামরিক সংঘাতে রূপ নিতে পারে—এবং অবস্থানের কারণে কালিনিনগ্রাদ একটি সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু।

সম্ভাব্য উসকানির কারণগুলোর মধ্যে থাকতে পারে ড্রোন সংক্রান্ত ঘটনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া, নতুন বড় ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন, কিংবা এমন যেকোনো পদক্ষেপ যা মস্কো ছিটমহলটির ওপর অবরোধ আরোপের ন্যাটো প্রচেষ্টা হিসেবে মনে করে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
বাল্টিক সাগরে একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনেছে রাশিয়া।
লিবিয়ার বেনগাজি উপকূলের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অন্যতম অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘মার্কারি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট...
বাল্টিক সাগরে সামরিক-সংশ্লিষ্ট একটি রুশ কার্গো জাহাজে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে গেছে। শনিবার রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ‘স্পার্টা ২’ নামের জাহাজটি হামলার শিকার হয়...
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয়ার পরদিনই ইউক্রেনজুড়ে যুদ্ধের অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার, চালানো এই ব্যাপক আকাশপথে হামলায়...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রায় ৯ মাস পর ওয়াশিংটন এবং তেল আবিবে একটি উদ্বেগজনক প্রশ্ন সামনে আসছে: তেহরান কি এখনো পর্যাপ্ত তাদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা নতুন...
বিশ্বের খনি থেকে ওঠা স্বর্ণের রাজ্যে চীন যে এখনো একচ্ছত্র অধিপতি, তা নিয়ে কোনো সন্দেহ নেই- টানা কয়েক বছর ধরে শীর্ষস্থান ধরে রেখে ২০২৫ সালে একাই ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদন করেছে দেশটি।
চারপাশে যুদ্ধবিমানের কানফাটা গর্জন, চার কিলোমিটার দূরেই দাউদাউ করে জ্বলছে হামলার শিকার হওয়া তেলবাহী ট্যাংকার, আর পানির ওপরেও ভাসছে আগুনের গোলা, এমন কোনো হলিউড অ্যাকশন সিনেমার সেটে নয়, বরং...
ইসলাম এমন এক জীবনব্যবস্থা যা মন, আত্মা ও দেহের পবিত্রতা এবং পরিচ্ছন্নতাকে উৎসাহিত করে ও ভালোবাসে। পবিত্র কোরআনের আয়াত থেকে শুরু করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস পর্যন্ত সর্বত্রই পরিচ্ছন্নতার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর