শুল্ক বৃদ্ধির পরও কি টিকে থাকবে ট্রাম্প-শি সমঝোতা?

যুক্তরাষ্ট্রের সবশেষ শুল্ক বৃদ্ধির পদক্ষেপ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য উত্তেজনা নতুন করে উসকে দিতে যাচ্ছে; এর মাধ্যমে বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীনকে কোণঠাসা করতে অন্যান্য দেশের ওপর চাপ সৃষ্টি করে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।

নতুন এই শুল্ক আপাতত চীনের সঙ্গে থাকা বাণিজ্য সমঝোতার সীমার মধ্যেই রয়েছে, তবে আরও শুল্ক বাড়ানোর সুযোগ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র; যা আগামী মাসে মায়ামিতে দুই দেশের শীর্ষ নেতাদের বছরের চতুর্থ সম্মেলন এবং আগামী ১০ জানুয়ারি বর্তমান বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কূটনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামস বলেন, যদি বাণিজ্য যুদ্ধ আবারও শুরু হয়, তবে সর্বশেষ এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের হাতে নতুন অস্ত্র জোগাবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্টের প্রথম মেয়াদের ২৫ শতাংশ শুল্কের ওপর আরও ২০ শতাংশ শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা দুই নেতার সমঝোতায় নির্ধারিত সীমা; এই সমঝোতা ভেঙে গেলে দ্বিতীয় মেয়াদের শুল্ক ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

বিশ্বজুড়ে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা যাচাই করে অন্যায্য বাণিজ্য চর্চার ওপর আট মাসের তদন্ত শেষে নতুন এই শুল্ক আরোপ করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যায্য শিল্প চর্চার অভিযোগ প্রত্যাখ্যান করলেও তাৎক্ষণিকভাবে পাল্টা পদক্ষেপের কোনো হুমকি দেয়নি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের ওপরও যুক্তরাষ্ট্র একই ধরনের চাপ দিচ্ছে; বিশেষ করে টানা দ্বিতীয় বছরের মতো ১ ট্রিলিয়ন ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত অর্জনের পথে থাকা চীনের পণ্য আমদানি ও বিনিয়োগ ঠেকাতে মিত্ররা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে সমালোচনা করেছে ওয়াশিংটন। উদাহরণস্বরূপ, ভিয়েতনাম নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির প্রতিবেদনে চীনের নাম ২৫০ বারের বেশি এবং ইইউ সংক্রান্ত প্রতিবেদনে ৩০০ বারের বেশি উল্লেখ করা হয়েছে।

US Trump Tarrifs
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক কি আবারও তলানিতে যাবে
?

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করার পর বৈশ্বিক বাণিজ্য পুনর্গঠনে এটি তাঁর দ্বিতীয় প্রচেষ্টা। সে সময় প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হলেও একমাত্র চীনই পূর্ণ শক্তি নিয়ে পাল্টা জবাব দিয়েছিল; পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কে পৌঁছেছিল এবং বিরল খনিজ (রেয়ার আর্থস) পরিশোধনে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে গাড়ি থেকে প্রতিরক্ষা খাত পর্যন্ত বৈশ্বিক শিল্প থামিয়ে দেওয়ার সক্ষমতা দেখিয়েছিল বেইজিং।

তবে পরবর্তী শীর্ষ সম্মেলনগুলো সম্পর্ক কিছুটা স্থিতিশীল করে। চলতি মাসে ট্রাম্পের চীন সফরে প্রথা ভেঙে বিমানবন্দরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উষ্ণ আলিঙ্গন ও জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা ইঙ্গিত দেয় যে ২০২৫ সালের মতো চরম সংঘাত এখনই আসন্ন নয়। এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বেইজিং, আর চায়না সাউদার্ন এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জিয়ামেন এয়ারলাইনস ৫০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে, যা বাণিজ্য সমঝোতা টিকে থাকারই ইঙ্গিত দেয়। তা ছাড়া চলতি মাসের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভে রিপাবলিকান পার্টি বড় পরাজয়ের মুখে পড়ায় শুল্ক বাড়িয়ে দেশে মূল্যস্ফীতি উসকে দেওয়ার বিষয়ে সতর্ক থাকবে ওয়াশিংটন। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো চেন বো বলেন, চীন ও যুক্তরাষ্ট্র কোনো পক্ষই আরেকটি বাণিজ্য যুদ্ধ চায় না, বরং উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

Xi vs Trump 02
অন্যান্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে চীনের বাড়তি টানাপোড়েন

‘লিবারেশন ডে’-র পর দেখা গিয়েছিল, ওয়াশিংটন চীনের ওপর শুল্ক বাড়ালে (সর্বশেষ পদক্ষেপে প্রায় ৭ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট) বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে, কিন্তু অন্যান্য অর্থনীতির সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত আরও স্ফীত হয়। এতে নিজস্ব শিল্প ও কর্মসংস্থান রক্ষায় চাপে পড়ে অন্য দেশগুলোর সরকার; সমালোচকদের মতে, চীনের দুর্বল অভ্যন্তরীণ ভোগ চাহিদা এবং ক্রমবর্ধমান রপ্তানি নির্ভরতার কারণে অন্য দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ন করেই চীনা অর্থনীতি বাড়ছে।

ম্যাককোয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শ্বেতস বলেন, যুক্তরাষ্ট্রের অসংগতিপূর্ণ বাণিজ্য নীতির চেয়েও চীনের নিজস্ব অর্থনীতি পুনর্গঠনে ব্যর্থতা বাণিজ্য উত্তেজনার বড় কারণ হয়ে দাঁড়াবে; বর্তমানে ইইউ এর ধাক্কা সামলালেও অন্যদের ক্ষেত্রেও একই পরিণতি অনিবার্য এবং শুল্ক ও অশুল্ক বাধা আরও বাড়বে। চলতি বছর ইইউ চীনা গাড়ি আমদানিতে কোটা মেনে নিতে বেইজিংকে রাজি করিয়েছে এবং আরও বাণিজ্য পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। সাংহাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ান মনে করেন, ইইউ চুক্তি প্রমাণ করে চীন সব ফ্রন্টে সব সময় আক্রমণাত্মক অবস্থান ধরে রাখতে পারবে না এবং বাণিজ্য অংশীদারদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বেইজিংকে আরও ছাড় দিতে হবে।

তথ্যসূত্র: রয়টার্স