দক্ষিণ চীন সাগরে অস্থিরতা বন্ধে জাপানকে সতর্ক করলো চীন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

দক্ষিণ চীন সাগর ইস্যুতে ‘অস্থিরতা সৃষ্টি’ বন্ধ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দুই আনুষ্ঠানিক সামরিক মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে বৃহস্পতিবার বেইজিংয়ের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

এর আগে চলতি মাসের শুরুতে জাপান ঘোষণা দেয়, উপকূলীয় নজরদারি সক্ষমতা বাড়াতে তারা ফিলিপাইনকে রাডার ও ড্রোন সরবরাহ করবে। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথে বিরোধপূর্ণ চর ও প্রবালপ্রাচীরের কাছে চীন ও ফিলিপাইনের কোস্টগার্ড জাহাজগুলোর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার জেরে প্রায়ই সংঘাতের ঘটনা ঘটে।

বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চেন শি বলেন, জাপান দক্ষিণ চীন সাগর বিরোধের কোনো পক্ষ নয় এবং এ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার তাদের নেই। তিনি বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে অস্থিরতা সৃষ্টি বন্ধ করার জন্য তারা জাপানের প্রতি জোর দাবি জানাচ্ছেন।

চেন শি আরও অভিযোগ করেন, তথাকথিত বাহ্যিক হুমকির অজুহাত দেখিয়ে জাপান আঞ্চলিক উদ্বেগ বাড়াচ্ছে, সামরিক জোট গঠন করছে এবং দক্ষিণ চীন সাগরে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, চীন নৌবাহিনী, কোস্টগার্ড ও মিলিশিয়া জাহাজ মোতায়েন বাড়িয়ে সার্বভৌমত্ব দাবি করায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ও অংশীদাররা দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।

চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরকেই নিজেদের বলে দাবি করে, যা ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানের সামুদ্রিক দাবির সঙ্গে সাংঘর্ষিক। ২০১৬ সালে হেগভিত্তিক একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চীনের এই দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দিলেও বেইজিং তা প্রত্যাখ্যান করে আসছে।

পাশাপাশি চীনের সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরের আরও দূরবর্তী অঞ্চলে কার্যক্রম চালাচ্ছে এবং তাইওয়ানের চারপাশে প্রতিদিনই তাদের উপস্থিতি বজায় রাখছে, যাকে বেইজিং নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। চলতি নভেম্বরের শুরুতে চীন পশ্চিম প্রশান্ত মহাসাগর ও তাইওয়ানের চারপাশে পূর্বঘোষণা ছাড়াই একটি বড় সামরিক মহড়া চালায়, যাকে তাইপের কর্মকর্তারা ‘নীরব ভীতি প্রদর্শনের’ প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন।

এসব সামরিক মহড়া সম্পর্কে জানতে চাইলে চেন শি বলেন, চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সামরিক বাহিনীর প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি এবং বাস্তব সক্ষমতা ক্রমাগত বাড়ানোর পদক্ষেপ সম্পূর্ণ বৈধ ও যৌক্তিক। অসৎ উদ্দেশ্যে কিছু পক্ষের এটিকে অতিরঞ্জিত করার বিরোধিতা করে তিনি তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষকে তাইওয়ান প্রণালীর স্থিতাবস্থা নষ্টকারী সবচেয়ে বড় শক্তি হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে, তাইওয়ান সরকার বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, কেবল দ্বীপটির জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্রের সবশেষ শুল্ক বৃদ্ধির পদক্ষেপ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য উত্তেজনা নতুন করে উসকে দিতে যাচ্ছে; এর মাধ্যমে বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীনকে কোণঠাসা করতে অন্যান্য দেশের ওপর চাপ সৃষ্টি করে...
বছরের পর বছর টয়োটার গাড়ির যন্ত্রাংশ সরবরাহ করে ব্যবসা চালিয়ে এসেছে জাপানের নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাস্টার’। কিন্তু চীনের তীব্র প্রতিযোগিতায় দেশের গাড়ি শিল্প চাপের মুখে পড়ায় প্রতিরক্ষা প্রযুক্তিতে...
বিদেশি একটি রাষ্ট্রের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে কেন্দ্রীয় প্রশাসনের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা বিষয়ক জাতীয় প্রশাসনের পরিচালিত সামাজিক...
চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জাঁকজমক ও আড়ম্বরকে নিজের বড় বিজয় হিসেবে উদ্‌যাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে...
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার তিনজন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা...
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে সাতজন আহত হয়েছেন এবং শহরের একটি শপিং সেন্টার ও অপর দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি...
বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর