ইরানি বাহিনীর গোলাবর্ষণের মুখে পালাল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলির মুখে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির মহাকাশ বাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, হেনগাম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে ইরানের আকাশসীমার কাছে এসেছিল মার্কিন যুদ্ধবিমানটি। নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা দেওয়া এবং আকাশপথে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিল বিমানটি। এ সময় আইআরজিসির মহাকাশ বাহিনীর একটি আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে সেটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত কৌশলগতভাবে গতিপথ পরিবর্তন করে বিমানটি ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্ট লঙ্ঘনকারী এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে আরও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

মার্কিন সামরিক কমান্ডারদের সতর্ক করে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। মার্কিন যুদ্ধবিমান আবারও ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে বা এ ধরনের লঙ্ঘন অব্যাহত রাখলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে কঠোর জবাব দেওয়া হবে।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমানের পরিণতি আগে হামলার শিকার হওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ও চালকবিহীন আকাশযানের মতো হতে পারে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি