হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দাবি, ‘পার্ম’ নামের এই সাবমেরিনটিই দেশটির প্রথম পারমাণবিক সাবমেরিন, যা জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ২০৩০ সালের মধ্যে রুশ নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন পুতিন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন পুতিন। ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পুতিন বলেন, রাশিয়া বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন এবং বৈশ্বিক গুরুত্বসম্পন্ন দূরপাল্লার অস্ত্র তৈরি করতে সক্ষম।
পারমাণবিক সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে চলাচলের সক্ষমতার কারণে কোনো হামলার শিকার হলেও এসব সাবমেরিন থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা বজায় থাকে।
পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনী আরও পাঁচটি সাবমেরিন পাবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যে শ্রেণির সাবমেরিন পার্মও। এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে বিশ্বের যেকোনো সমুদ্রাঞ্চলে অভিযান পরিচালনা করতে সক্ষম।
রুশ নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান পুতিন। একই সঙ্গে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সব পরিকল্পনা সম্পূর্ণভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
সূত্র: আল-জাজিরা