নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত বেড়ে ২৪

দক্ষিণ নাইজেরিয়ার বায়লেসা রাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। গেলো শুক্রবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর শনিবার উদ্ধার অভিযান চলাকালে ২৪টি মরদেহ উদ্ধার এবং ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নিমা)। এর আগে পুলিশ চারজনের মৃত্যুর খবর জানিয়ে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বলে উল্লেখ করেছিল।

নিমার এক বিবৃতিতে জানানো হয়েছে, বায়লেসা রাজ্যের আয়ামা থেকে উকুবি কমিউনিটিতে একটি দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। শনিবার দিনভর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং জীবিত উদ্ধার হন আরও ২৪ জন।

শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বায়লেসা রাজ্যের গভর্নর দুয়ে দিরি এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেন। তাঁর দপ্তরের বিবৃতি অনুযায়ী, গভর্নর বলেছেন, কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় সরকারের প্রতিটি বিভাগ যদি নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করত, তবে এই দুর্ঘটনা ঘটত না।

নাইজেরিয়ার অভ্যন্তরীণ জলপথগুলোতে, বিশেষ করে নদী বিধৌত জনপদগুলোতে নৌকাডুবির ঘটনা বেশ সাধারণ হয়ে দাঁড়িয়েছে; অতিরিক্ত যাত্রীবোঝাই এবং নিরাপত্তা বিধি প্রায়শই উপেক্ষিত হওয়ায় এমন প্রাণহানি ঘটে বলে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স