যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে আরেকটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় 'ইডালিয়া'। ক্যারিবিয়ান অঞ্চলে সৃষ্টি হওয়া এ ঝড়ের প্রভাবে দক্ষিণ পূর্ব মেক্সিকোতে তীব্র বাতাসের সাথে ভারী বর্ষণ হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি শক্তিশালী হারিকেনে রূপ নেবে। খবর ইউএস টুডে'র।
ফ্লোরিডাভিত্তিক ওয়েদারটাইগারের প্রধান আবহাওয়াবিদ রায়ান ট্রুচেলুট বলেন, সতর্কতা সংকেত রয়েছে যে, ইডালিয়া বড় হারিকেনের রূপ নিতে পারে এবং কমপক্ষে ১১১ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস বয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ফ্লোরিডার উত্তর পশ্চিমে পৌঁছানোর আগে ঝড়টি মেক্সিকো উপসাগর অতিক্রম করবে, কিন্তু মেক্সিকোতে আঘাত হানবে না।
সংস্থাটি আরও জানিয়েছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলে শক্তিশালী হারিকেনের মতো বয়ে যাবে ইডালিয়া। এর প্রভাবে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। এছাড়া মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ইউকাটানের কিছু অংশে এবং কিউবার পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের আশঙ্কা দেখা দিয়েছে।