পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার ভেনিজুয়েলায় তার মৃত্যু হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এ ঘটনা নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর এএফপি’র।

২০২২ সালে পেরেজকে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি বলে স্বীকৃতি দেয় গিনেজ। সে সময়ে তার বয়স ছিল ১১২ বছর। 

পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে, আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান। 

পেরেজের ডাকনাম ছিল টিও ভিনসেন্ট। ভেনিজুয়েলার এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় আখ ও কফি কৃষক ছিলেন।

জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করেন।