আব্রাহাম অ্যাকর্ডস ও ইরান চুক্তিকে এক সুতোয় বাঁধলেন ট্রাম্প

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর অংশ হিসেবে কাতার, পাকিস্তান, মিশর, জর্ডান এবং তুরস্কের মতো মুসলিম দেশগুলোকে ‘একযোগে’ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি তথা আব্রাহাম অ্যাকর্ডসে সই করতে হবে এবং এটি তাঁদের জন্য বাধ্যতামূলক।

প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন। তিনি জানান, গত শনিবার তিনি উল্লিখিত দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি সৌদি ও বাহরাইনের (যারা ইতোমধ্যে এই চুক্তিতে সই করেছে) নেতাদের সাথেও সরাসরি কথা বলেছেন।

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, আমি অত্যন্ত স্পষ্টভাবে তাঁদের জানিয়ে দিয়েছি, অত্যন্ত জটিল ভূরাজনৈতিক ধাঁধাটিকে মেলানোর জন্য যুক্তরাষ্ট্র যে অক্লান্ত পরিশ্রম করেছে, তার পর এটি বাধ্যতামূলক হওয়া উচিত যে এই দেশগুলো, ন্যূনতম শর্ত হিসেবে, একই সাথে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করবে।

ট্রাম্প আরও যোগ করেন, একবার এই তিন মাস বয়সী যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সাথে আমেরিকার একটি চুক্তি সম্পন্ন হয়ে গেলে, এই মুসলিম দেশগুলো ইরানকেও আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হিসেবে পাশে পেয়ে সম্মানিত বোধ করবে। চলমান আলোচনা নিয়ে ট্রাম্প জানান, ইরানের সাথে দরকষাকষি বর্তমানে বেশ চমৎকারভাবে এগিয়ে চলছে, তবে খুব দ্রুতই কোনো চুক্তি সই হতে যাচ্ছে কি না, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো আভাস দেননি। ট্রাম্পের এই নতুন চাল মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মুসলিম দেশগুলোকে এক বিশাল কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপের মুখে ফেলে দিল।

সূত্র: রয়টার্স