এইচ-১বি ভিসা ফি এক ধাক্কায় লাখ ডলার করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে কাজ করতে ইচ্ছুক বা ইতোমধ্যে কর্মরত বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ আসছে। এইচ-ওয়ান বি ভিসা এবং এফ-ওয়ান অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রামের ফি এক লাফে বাড়িয়ে ১,০৩,২৬৫ ডলারে (প্রায় ১ লাখ ডলারে) উন্নীত করার পরিকল্পনা করছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ট্রাম্প প্রশাসনের এই সম্ভাব্য পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন ভারতীয় পেশাজীবী ও শিক্ষার্থীরা।

সোমবারে ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এবং করপোরেট ইমিগ্রেশন সার্ভিস ফার্ম ‘ফ্রেগোমেন’-এর বরাতে জানা গেছে, এই প্রস্তাবিত নিয়ম বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাওয়া বিদেশি শিক্ষার্থী এবং এইচ-ওয়ান বি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় বহুগুণ বেড়ে যাবে। ইমিগ্রেশন আইন সংস্থা ফ্রেগোমেন তাদের নোটে জানিয়েছে, প্রস্তাবটি ইতোমধ্যে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পর্যালোচনার মধ্য দিয়ে গেছে। খুব দ্রুতই এর বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হবে।

আমেরিকার এই নীতি পরিবর্তন ভারতীয় নাগরিকদের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলবে, কারণ মোট এইচ-ওয়ান বি ভিসাধারীদের ৭০ শতাংশেরও বেশি ভারত থেকে আসা। ২০২৪ সালে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা মোট ৩,৯৯,৪০২টি এইচ-ওয়ান বি পিটিশন অনুমোদন করে, যার মধ্যে ৭১ শতাংশ সুবিধাভোগীই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। বর্তমানে ৫২ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাদের বিশাল একটি অংশ এই পরিবর্তনের সরাসরি শিকার হবেন।

অতিরিক্ত এই ফি নির্ধারণের পাশাপাশি সম্প্রতি মার্কিন প্রশাসন এইচ-ওয়ান বি কর্মীদের জন্য বিদ্যমান ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ বা অতিরিক্ত সময়সীমা বাতিলের প্রস্তাব করেছে। আগে কোনো কর্মীর চাকরি চলে গেলে বা নির্দিষ্ট মেয়াদের আগে কাজ শেষ হলে নতুন চাকরি খোঁজা বা গুছিয়ে নেয়ার জন্য ৬০ দিন সময় পাওয়া যেত। নতুন নিয়ম কার্যকর হলে চাকরি হারানোর সাথে সাথেই ওই কর্মী এবং তার ওপর নির্ভরশীল পরিবারকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে, অন্যথায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে পড়তে হবে।

সব মিলিয়ে, মোটা অঙ্কের ফি বৃদ্ধি এবং তাৎক্ষণিক দেশ ত্যাগের কঠোর নিয়মাবলি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে প্রবাসী বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের জন্য টিকে থাকা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

তথ্যসূত্র: এনডিটিভি