ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য ব্যবধানে ব্যবধান এগিয়ে রয়েছেন।
সোমবার প্রকাশিত বিটিজি প্যাকচুয়াল-নেক্সাসের জরিপে এই তথ্য উঠে এসেছে, যদিও দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলায় কারিগরিভাবে এটিকে এখনও ‘পরিসংখ্যানগত টাই’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগের সপ্তাহে একই জরিপে সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর জ্যেষ্ঠ পুত্র ফ্ল্যাভিও প্রথমবার লুলার চেয়ে এগিয়ে যান। বাজারবান্ধব রাজনৈতিক হিসেবে পরিচিত সিনেটর বোলসোনারোর সেই এগিয়ে যাওয়া ব্রাজিলের পুঁজিবাজারেও ইতিবাচক প্রভাব ফেলেছিল।
সবশেষ জরিপ বলছে, নির্বাচন যদি দ্বিতীয় ধাপে গড়ায়, তবে প্রেসিডেন্ট লুলা ৪৭ শতাংশ ভোটারের সমর্থন পাবেন। অন্যদিকে, সিনেটর ফ্ল্যাভিও পাবেন ৪৬ শতাংশ ভোট। এর আগে ৮ সেপ্টেম্বরের সমীক্ষায় বোলসোনারো ৪৫ শতাংশের বিপরীতে ৪৬ শতাংশ ভোট নিয়ে লুলার চেয়ে এগিয়ে ছিলেন।
৪ অক্টোবরের প্রথম ধাপের নির্বাচনে প্রার্থীরা কে কত ভোট পেতে পারেন, তার একটি সম্ভাব্য পরিসংখ্যানও এই জরিপে প্রকাশ করা হয়েছে:
* লুই ইনাসিও লুলা দা সিলভা: ৪২%
* ফ্ল্যাভিও বোলসোনারো: ৩৭%
* অগাস্টো কুরি: ৬%
* রোনালদো কায়াদো: ৫%
* রেনান সান্তোস: ২%
উল্লেখ্য, প্রথম ধাপের আগের জরিপে লুলার সমর্থন ছিল ৩৯ শতাংশ, বোলসোনারোর ৩৫ শতাংশ এবং অগাস্টো কুরির সমর্থন ছিল ৯ শতাংশ।
ব্রাজিলের নির্বাচনী আইন অনুযায়ী, আগামী ৪ অক্টোবরের প্রথম ধাপের ভোটাভুটিতে যদি কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি বৈধ ভোট পেতে ব্যর্থ হন, তবে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় ধাপের বা রান-অফ নির্বাচন অনুষ্ঠিত হবে।
১১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ২,০০০ জনেরও বেশি মানুষের ওপর ভিত্তি করে এই জরিপটি পরিচালনা করে গবেষণা সংস্থা নেক্সাস। জরিপটিতে ভুল বা বিচ্যুতির হার ধরা হয়েছে প্লাস-মাইনাস ২ শতাংশ।
তথ্যসূত্র: রয়টার্স