মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দ্য নি ইয়র্ক টাইমস এবং ফক্স নিউজও এই নাটকীয় বিদায়ের খবরটি নিশ্চিত করেছে।
ফক্স নিউজ এক হোয়াইট হাউস কর্মকর্তার সূত্রে জানিয়েছে, জ্যাকারিয়া এই ভূমিকা থেকে সরে গিয়ে অন্য পদে স্থানান্তরিত হচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, তিনি নিজেই কেটি জ্যাকারিয়াকে পদটি নিয়ে পুনর্বিবেচনা করতে পরামর্শ দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, আমি তাঁকে বলেছিলাম, আমার মনে হয় তোমার সুখী থাকাটাই সবচেয়ে বড় কথা। আর এই চাপের কাজের মধ্যে তুমি কতটা সুখী হতে পারবে, তা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ এই কাজটা মোটেও সহজ নয়। আমি সত্যটি জানিয়ে তাঁকে বিবেচনা করতে বলেছিলাম।
গত সোমবার হোয়াইট হাউসে যোগ দেওয়ার পর মঙ্গলবারই নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন কেটি জ্যাকারিয়া। ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হওয়া জ্যাকারিয়া জানান, পদটির জন্য তাঁকে ফোন দেওয়া হয়েছিল এবং পরে দায়িত্ব নেওয়ার প্রস্তাব করা হয়।
তবে দায়িত্ব নেওয়ার পরই তাঁর আইনি যোগ্যতা নিয়ে বিতর্ক শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নাম ঘোষণার সময় তাঁকে একজন ‘অ্যাটর্নি’ বা আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং জ্যাকারিয়া নিজেও আগে আইনচর্চা করার কথা বলেছিলেন।
কিন্তু ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির ল স্কুল থেকে স্নাতক শেষ করলেও তিনি ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি না, তা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে।
পরে ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে জ্যাকারিয়া স্বীকার করেন, তিনি বার পরীক্ষায় পাস করতে পারেননি এবং পরবর্তীতে দ্বিতীয়বার পরীক্ষাও দেননি। রয়টার্সের অনুসন্ধানেও যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে বা ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় তাঁর আইনজীবী হিসেবে নিবন্ধিত থাকার প্রমাণ মেলেনি।
এই বিতর্কের জের ধরেই শেষ পর্যন্ত মাত্র পাঁচ দিনের মাথায় শেষ হলো কেটি জ্যাকারিয়ার প্রেস সচিব হিসেবে পথচলা। উল্লেখযোগ্য যে, ট্রাম্পের প্রথম মেয়াদে মাত্র ১০ দিনের জন্য হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা অ্যান্থনি স্কারামুচির সংক্ষিপ্ত মেয়াদের রেকর্ডকেও ছাড়িয়ে গেল জ্যাকারিয়ার এই পাঁচ দিনের মেয়াদ।