এনভিডিয়ার প্রধান হিসেবে টিম কুককে চান ট্রাম্প

পরকীয়া ও গুপ্তচরবৃত্তির বিতর্কের জেরে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের পর এবার তাঁর উত্তরসূরি হিসেবে অ্যাপলের সিইও টিম কুকের নাম প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি জানান, হুয়াংয়ের শূন্যস্থান পূরণের জন্য টিম কুকই একমাত্র যোগ্য ব্যক্তি।

পোস্টে সিলিকন ভ্যালির এই ধনকুবেরের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং অত্যন্ত চমৎকার কাজ করেছেন। এখন যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তাঁর জায়গায় বসানোর মতো শুধু একজন মানুষই আছেন, তিনি হলেন অ্যাপলের টিম কুক। এক কিংবদন্তির স্থলাভিষিক্ত হবেন আরেক কিংবদন্তি!

Trunp
উল্লেখ্য, চীনের একজন কথিত গোয়েন্দা এজেন্ট এবং নিজ প্রতিষ্ঠানেরই এক নারী নির্বাহীর সঙ্গে দুটি বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর চরম চাপে পড়ে পদত্যাগ করেন হুয়াং। তবে হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ট্রাম্প জানান, তিনি ব্যক্তিগতভাবে হুয়াংয়ের ওপর পূর্ণ আস্থা রাখছেন।

ট্রাম্প বলেন, আমি তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে ওই নারী যে একজন গুপ্তচর ছিলেন, সে সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল কি না। জবাবে তিনি আমাকে বলেছেন, এ বিষয়ে তাঁর বিন্দুমাত্র ধারণা ছিল না। আমি সত্যিই তাঁর কথা বিশ্বাস করি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বিষয়টি তদন্ত করছে উল্লেখ করে ট্রাম্প আরও আশা প্রকাশ করেন, হুয়াং এই সংকট কাটিয়ে ভালো অবস্থানেই থাকবেন।

এদিকে, হোয়াইট হাউসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের দীর্ঘদিনের গভীর সখ্যের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। অন্তত ২০২৫ সাল থেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সিলিকন ভ্যালির অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন হুয়াং।

গত দুই বছরে তিনি নিয়মিত ওয়াশিংটনে যাতায়াত করে চীনের বাজারে উন্নত সেমিকন্ডাক্টর বিক্রির অনুমতির পক্ষে জোরালো লবিং চালিয়েছেন এবং প্রশাসনের বিভিন্ন এজেন্ডাকে সমর্থন দিয়েছেন। এমনকি গত মে মাসে প্রায় এক দশকের মধ্যে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চীন সফরের সময় ‘এয়ার ফোর্স ওয়ান’-এ তাঁর সফরসঙ্গীও হয়েছিলেন হুয়াং।

এ ছাড়া গত সেপ্টেম্বরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নিয়েছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের প্রস্তাবিত হোয়াইট হাউস বলরুম নির্মাণের জন্য এনভিডিয়া আড়াই কোটি (২৫ মিলিয়ন) ডলার অনুদানের প্রতিশ্রুতিও দিয়েছিল।

অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমস এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই নারী যে চীন সরকারকে তথ্য পাচার করছেন এবং হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে আগেই অবহিত করা হয়েছিল, কিন্তু ট্রাম্প তখন এ নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তথ্যসূত্র: সিএনএন-এনডিটিভি