৩০ বছরের মধ্যে মার্কিন কংগ্রেসে সর্বোচ্চ কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট

রিপাবলিকান-নেতৃত্বাধীন নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বা ‘রিডিস্ট্রিক্টিং’-এর জোরালো প্রচেষ্টা সত্ত্বেও চলতি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নতুন কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট আইনপ্রণেতা আগামী জানুয়ারিতে মার্কিন কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে উঠে এসেছে, ১২০তম কংগ্রেসে ১৩ জন নতুন কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট সদস্য আসছেন, যা ১৯৯৩ সালের পর যে কোনো এক মেয়াদে সর্বোচ্চ। এর মধ্যে চারজনের বয়স ৩৪ বছর বা তার কম, এবং প্রতিনিধি পরিষদের অর্ধেকেরও বেশি কৃষ্ণাঙ্গ সদস্য ২০২১ সাল বা তার পরে প্রথম নির্বাচিত হয়েছেন।

৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে কৃষ্ণাঙ্গ প্রার্থীরা এবার ৫৮টি আসনে জয়ী হয়েছেন (বর্তমান কংগ্রেসে যা ৬১টি ছিল), এবং লুইজিয়ানার আরও দুটি আসনে আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয় দফার বা ‘রানঅফ’ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, চারজন কৃষ্ণাঙ্গ রিপাবলিকান কংগ্রেস থেকে বিদায় নেওয়ায় উভয় কক্ষ মিলিয়ে সাউথ ক্যারোলাইনার সিনেটর টিম স্কটই একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান সদস্য হিসেবে থাকছেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটলে ডেমোক্র্যাটিক সোশালিস্টস অফ আমেরিকার সদস্য এবং নবনির্বাচিত মার্কিন প্রতিনিধি অ্যাঞ্জেলা গঞ্জালেস-টরেস, ড্যারিয়ালিজা আভিলা শেভালিয়ার ও মেলাট কিরোস ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। ছবি: সংগৃহীত
তবে সিনেটে কৃষ্ণাঙ্গ প্রতিনিধিত্ব রেকর্ড সাতজনে পৌঁছেছে, ইলিনয়ে ডেমোক্র্যাট জুলিয়ানা স্ট্র্যাটনের জয় এবং মিসিসিপিতে ডেমোক্র্যাট স্কট কলমের চমকপ্রদ বিজয়ের ফলে ১৪০ বছরেরও বেশি সময় পর রাজ্যটি প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল। পাশাপাশি ‘কংগ্রেসনাল ব্ল্যাক ককাস’-এর সদস্যসংখ্যা ৬২ থেকে বেড়ে রেকর্ড ৬৪ জনে দাঁড়াচ্ছে, যাঁদের সবাই ডেমোক্র্যাট।

গত এপ্রিলে মার্কিন সুপ্রিম কোর্ট ১৯৬৫ সালের ভোটাধিকার আইন দুর্বল করে দেওয়ার পর রিপাবলিকান-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলো আসন বাড়াতে কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাটদের দখলে থাকা চারটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছিল। কিন্তু এখন পর্যন্ত ফলাফল ঘোষিত তিনটি আসনের একটিতেও রিপাবলিকানরা জয় ছিনিয়ে নিতে পারেনি; আলাবামায় শমারি ফিগার্স ও নর্থ ক্যারোলাইনায় ডন ডেভিস পুনর্নির্বাচিত হয়েছেন এবং টেক্সাসে আল গ্রিনের পুরোনো আসনে জিতেছেন ডেমোক্র্যাট লেটিশিয়া গুতিয়েরেজ। লুইজিয়ানার দুটি আসনে রানঅফ লড়াইয়ে রয়েছেন দুই কৃষ্ণাঙ্গ নারী প্রার্থী- চাউনা ব্যাংকস ও প্যাট্রিসিয়া মুর।

বিশ্লেষকদের মতে, কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতাদের এই সংখ্যাবৃদ্ধি ভোটাধিকার, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে কংগ্রেসের নীতিগত অগ্রাধিকার নতুন করে সাজাতে পারে। জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ার্নক জানিয়েছেন, জানুয়ারিতে অধিবেশন শুরুর আগেই তাঁদের নীতিগত এজেন্ডা ঠিক করতে হবে; তিনি যুদ্ধ বন্ধ, শুল্ক প্রত্যাহার এবং স্বাস্থ্যসেবার খরচ কমাতে ট্যাক্স ক্রেডিট পুনর্বহালের ওপর জোর দিচ্ছেন। তবে সিনেটে বড় আইন পাসে দ্বিদলীয় সমর্থন প্রয়োজন হবে এবং রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো ক্ষমতাও বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন সিনেটর স্কট কোলাম। ছবি: সংগৃহীত
নতুন এই দলে একদিকে যেমন রয়েছেন ২৯ বছর বয়সী মেলাট কিরোস, যিনি কংগ্রেসে নির্বাচিত ‘জেন-জি’ প্রজন্মের প্রথম নারী এবং কলোরাডোর প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রতিনিধি, তেমনি ৩২ বছর বয়সী দারিয়ালিজা আভিলা শেভালিয়ার ও আদ্রিয়ান বোয়াফো এবং ৩৪ বছর বয়সী ডোনাভান ম্যাককিনি; অন্যদিকে দলের প্রবীণ নেতৃত্বে রয়েছেন ক্যালিফোর্নিয়ার ৮৮ বছর বয়সী ম্যাক্সিন ওয়াটার্স ও মিসিসিপির ৭৮ বছর বয়সী বেনি থম্পসনের মতো নেতারা।

প্রগতিশীল ও মধ্যপন্থী—এই দুই ধারার সমন্বয় সামলানোই এখন প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস এবং সিনেট নেতা চাক শুমারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। তবে ককাস চেয়ার ইভেট ক্লার্ক জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় সাহসী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি হাকিম জেফ্রিসের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন।