নির্বাচনী প্রচারণার তিক্ততা ও ব্যক্তিগত আক্রমণ ভুলে মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাঈদকে ‘স্মার্ট লোক’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি জানান, এল-সায়েদের প্রস্তাবিত সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তিনি তাঁর সঙ্গে বৈঠকে বসবেন। একই সঙ্গে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছানোর ব্যাপারেও নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সে একজন স্মার্ট লোক। সে ভালো কাজ করেছে, আসলে খুব ভালো কাজ করেছে। আমি জানি আমি তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছি। হয়তো মাঝামাঝি এমন কোনো জায়গা আছে, যেখানে আমরা একসঙ্গে পৌঁছাতে পারি।
ট্রাম্পের এই মন্তব্যকে তাঁর অবস্থানের এক নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে; কারণ সদ্যসমাপ্ত মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় তিনি এল-সাঈদের বিরুদ্ধে বারবার বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী আক্রমণ চালিয়েছিলেন। সে সময় ট্রাম্প তাঁকে ‘জিহাদি’ বলে আখ্যা দিয়েছিলেন এবং ক্যাপিটল হিলে প্রবেশের জন্য মেটাল ডিটেক্টর প্রয়োজন হওয়া প্রথম সিনেটর হিসেবে কটাক্ষ করেছিলেন।
এমনকি এল-সাঈদ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা সত্ত্বেও ট্রাম্প ভোটারদের আহ্বান জানিয়েছিলেন তাঁকে ‘যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাতে’।
ট্রাম্পের সুরের এই আকস্মিক পরিবর্তনের নেপথ্যে রয়েছে এল-সায়েদের দেওয়া এক অভিনব প্রস্তাব। কয়েক দিন আগেই এল-সায়েদ প্রস্তাব দিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সমর্থন দেন, তবে ডেমোক্র্যাটরা এর নাম রাখবে ‘ট্রাম্পকেয়ার’।
এই প্রস্তাবের অংশ হিসেবে তিনি সোনালি রঙের একটি কার্ডের ছবিও শেয়ার করেছিলেন, যা মূলত সোনালি রঙের প্রতি ট্রাম্পের বহুল পরিচিত দুর্বলতাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল। অপ্রত্যাশিতভাবে গত সপ্তাহান্তে ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রস্তাবিত সেই ‘ট্রাম্পকেয়ার’ কার্ডের নকশা শেয়ার করেন।
উল্লেখ্য, কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) তথ্য অনুযায়ী, ট্রাম্পের আলোচিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এর মাধ্যমে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (এসিএ) ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় ৪০ লাখ আমেরিকান তাঁদের স্বাস্থ্যবিমা হারিয়েছেন। এ ছাড়া যাঁদের বিমা টিকে আছে, তাঁদের অনেকেরই চিকিৎসা ব্যয় বেড়ে গেছে।
তবে এল-সাঈদের প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখালেও কোনো চুক্তিতে পৌঁছানো যে সহজ হবে না, সেই ইঙ্গিতও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, সামনে যা কিছু আসবে আমি সবকিছুতেই ভেটো দেব, আর এরপর একসময় আমার মনে হয় তারা আলোচনায় বসতে চাইবে। আমিও বসব, এবং আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারব। আমরা একসঙ্গে অনেক দারুণ কাজ করতে পারব।
তথ্যসূত্র: ফার্স্টপোস্ট