কপাল ফাটলো মমতার

বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজর পত্রিকা জানিয়েছে মমতার কপালে সেলাই করা হবে। তৃণমূলের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজর জানিয়েছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই কোনো ভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। প্রথমে তাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলেই সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, মমতার ক্ষত বেশ গভীর। সিটি স্ক্যান করানো হবে। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী।

এরইমধ্যে এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেছেন অভিষেক।

অভিষেক ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে আনন্দবাজর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতার কপালে গভীর ক্ষত হয়েছে। কী করে এই ঘটনা ঘটলো, তা এখনই স্পষ্ট নয়। তবে হাঁটার সময় মমতা পড়ে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

অভিষেকের পাশাপাশি এসএসকেএম হাসপাতালে গিয়েছেন লতা বন্দ্যোপাধ্য়ায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। গিয়েছেন ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও। বাবুনের মন্তব্য নিয়ে বুধবারই সরগরম হয়েছিল রাজ্য-রাজনীতি। লোকসভা ভোটে হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকে তাকে প্রার্থী না করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাবুন। তা নিয়ে শোরগোল পড়তেই কড়া ভাষায় তার নিন্দা করেছিলেন মমতা। ছোট ভাইকে ধমক দিয়ে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও ঘোষণা করেছিলেন।