ভেঙে পড়লো রাহুল গান্ধীর মঞ্চ

লোকসভা নির্বাচনের প্রচার চালাতে বিহারে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর একটি জনসভার মঞ্চ ভেঙে পড়েছে।

সোমবার ওই জনসভায় যোগ দেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল। অন্য নেতাদের নিয়ে যখন রাহুল মঞ্চে উঠছিলেন তখনই হঠাৎ করে মঞ্চ ভেঙে পড়ে। যদিও নিজেকে সামলে নিয়ে পড়ে যাওয়ার রক্ষা পান তিনি।

বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতীর পক্ষে ভোটের প্রচার চালাতে পালিগঞ্জে নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে যান রাহুল গান্ধী।

মিশা ভারতী লোকসভার পাটলিপুত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঞ্চ ভেঙে পড়ার একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ পোস্ট করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই।

ভিডিওতে দেখা যায়, মিশা ভারতী রাহুলের হাত ধরে তাকে তার আসনের দিকে নিয়ে যাচ্ছেন। উপস্থিত জনতা চিৎকার করে তাদের অভিবাদন জানাচ্ছে। রাহুলের নিরাপত্তারক্ষীরা তার সঙ্গে আছেন। অন্যান্য নেতারাও মঞ্চে উঠে আসছেন। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে মিশা কাউকে কিছু বলতে যাচ্ছিলেন। সে সময় হঠাৎ করেই মাঝখান থেকে মঞ্চ ভেঙে পড়ে।

হাত ধরে থাকা মিশা রাহুলকে পড়ে যাওয়া থেকে সামলাতে সাহায্য করেন। রাষ্ট্রীয় জনতা দলের আরেক নেতাও দ্রুত গিয়ে এসে রাহুলের হাত ধরে ফেলেন।

এরপর জনতার উদ্দেশে হাত নেড়ে রাহুল-ভারতী একটু এগিয়ে যেতেই মঞ্চ আবারও খানিকটা ডেবে যায়। তবে এবার আর ভারসাম্য রক্ষা করতে সমস্যা হয়নি রাহুলের। পরে মঞ্চের উপর থেকে ভিড় কমিয়ে ফেলা হয়। ভাঙা মঞ্চের উপরই পাতা আসনে বসে বাকি কাজ সারেন রাহুল।

গত ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাত দফায় এ ভোট গ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। আগামী ২৯ এপ্রিল ষষ্ঠ দফা ভোট অনুষ্ঠিত হবে। তার প্রচারেই দল ও জোটের পক্ষে প্রচারে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুটে বেড়াচ্ছেন।