আসলেই কি দিল্লিতে তাপমাত্রা ৫২.৯ ছিলো!

গত ২৯ মে দুপুরে আড়াইটায় দিল্লির তাপমাত্রা উঠেছিলো ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশটির ইতিহাসে সেটাই ছিলো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

কিন্তু তিনদিন পরে শনিবার, কেন্দ্রীয় ভূবিজ্ঞানমন্ত্রী কিরেণ রিজিজু শনিবার জানালেন, দিল্লিতে যে ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, তা ভুল। যান্ত্রিক ত্রুটির কারণেই ৩ ডিগ্রি বেশি দেখিয়েছিল ওই দিন। কিন্তু সেই ত্রুটি সংশোধন করা হয়েছে। দ্রুত সেই সমস্যা সমাধান করেন আবহাওয়াবিদরা।

দিল্লির মুঙ্গেশপুর আবহাওয়া অফিস ওই তাপমাত্রা রেকর্ড করেছিলো। তাতে হইচই পড়ে গিয়েছিলো দেশজুড়ে।

মুঙ্গেশপুরের তাপমাত্রা প্রায় ৫৩ ডিগ্রি ছুঁয়ে ফেলায় স্তম্ভিত হয়েছিলেন ভারতের আবহাওয়া বিজ্ঞানীরা। তড়িঘড়ি ভূবিজ্ঞান মন্ত্রণালয় এবং আবহাওয়া দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করে।

গোটা দিল্লি জুড়ে যখন তীব্র তাপপ্রবাহের সতর্কতা, সেই সময় তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায়।

যদিও পরে জানানো হয়, মুঙ্গেশপুরে ২৯ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যান্ত্রিক ত্রুটির কারণে তিন ডিগ্রি বেশি দেখানোয় সেটি ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।