বেইজিংয়ের আকাশে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা!

চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা অনুযায়ী, বেইজিংয়ে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ড্রোন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই নিয়মের অধীনে বেইজিংয়ে ড্রোন নিয়ে প্রবেশ করা, যন্ত্রাংশ পরিবহন করা কিংবা শহরের আকাশসীমায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

Beijing no drone 03
মে মাসে জারি করা এক আদেশে বেইজিংয়ে ড্রোন বিক্রি ইতোমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছিল; তবে এতদিন ড্রোন নিবন্ধিত রেখে নিজের কাছে রাখার সুযোগ ছিল। নতুন নিয়ম ঘোষণার ফলে বেইজিংয়ে ড্রোন রাখার যাবতীয় সুযোগও বন্ধ হয়ে গেল।

বেইজিং পৌর সরকার প্রণীত এই বিধিমালা অনুযায়ী, আড়াই কোটিরও বেশি জনসংখ্যার এই নগরীর আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। মূলত গত জুন মাসে একটি ছোট আকারের বিমান শহরের সবচেয়ে উঁচু ভবনে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত এবং ১৩ জন আহত হওয়ার পর বেইজিংয়ের আকাশপথের নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়।

নতুন আইন মেনে চলতে ড্রোন মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজেদের ড্রোন নষ্ট করতে হবে অথবা বেইজিংয়ের সীমানার বাইরে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের পর ড্রোন উদ্ধার হলে তা বাজেয়াপ্ত করার পাশাপাশি মালিককে জরিমানার মুখে পড়তে হবে।

Beijing no drone 02
তবে নাগরিকদের সুবিধার্থে ড্রোন বাতিল করার জন্য সরকারি ভর্তুকি, সরকার কর্তৃক ড্রোন কিনে নেওয়ার সুবিধা এবং বেইজিংয়ের বাইরে বিনামূল্যে ড্রোন পাঠানোর ডাকসেবা চালু করেছে কর্তৃপক্ষ।

তবে সরকারি বিশেষ প্রয়োজনে বিধিনিষেধ শিথিল করার বিধান রাখা হয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযান, কৃষিকাজ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতে কর্তৃপক্ষের আগাম অনুমতি সাপেক্ষে ড্রোন ব্যবহারের সুযোগ দেওয়া হবে।