ট্রাম্পের আগমনের আগেই সুর চড়ালেন শি ও পুতিন

বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি হাব- শেনজেন। বৃহস্পতিবার সেখানে বহুল প্রতীক্ষিত এক হাই-ভোল্টেজ ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ম্যানিলায় আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্পের শেনজেনে পৌঁছানোর ঠিক আগেই বুধবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের মঞ্চ থেকে বাণিজ্য সুরক্ষাবাদ ও পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে এই ঐতিহাসিক বৈঠকের সুর বেঁধে দিয়েছেন শি ও পুতিন।

Xi and Putin 03
বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে বিশ্বের তিন শীর্ষ নেতার এই বৈঠকে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত, বৈশ্বিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পারমাণবিক অস্ত্রের মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক মহলে এই বৈঠকটিকে ১৯৪৫ সালের ঐতিহাসিক ‘ইয়াল্টা কনফারেন্স’-এর সঙ্গে তুলনা করা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা ও নিজেদের প্রভাব বলয় নির্ধারণ করেছিল।

তবে পরাশক্তিগুলোর এই সমঝোতার খবরে ইউরোপ ও এশিয়ার ছোট অর্থনীতির দেশগুলোর নেতাদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে; তাদের আশঙ্কা, বৃহৎ সামরিক শক্তিগুলো নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে ছোট দেশগুলোর স্বার্থ জলাঞ্জলি দিতে পারে। যদিও ক্রেমলিন এই তুলনাকে ‘রাষ্ট্রবিজ্ঞানীদের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে এবং বেইজিং দাবি করেছে, এই বৈঠক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে চীনা প্রেসিডেন্ট শি ‘মুক্ত ও অবাধ বাণিজ্যের’ পক্ষে জোরালো সওয়াল করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ এবং আগ্রাসী পররাষ্ট্রনীতির বিপরীতে তিনি চীনকে বিশ্বমঞ্চে একটি স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। সম্প্রতি এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান থেকে চীনের উন্নত এআই চিপ প্রাপ্তির ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার পরপরই শি এই বক্তব্য দিলেন।

Xi and Putin 02
ব্যবসায়ী নির্বাহীদের উদ্দেশ্যে শি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্রে রেখে আমাদের নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দৃঢ়ভাবে সমুন্নত রাখতে হবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখতে হবে।চীন শুল্ক কমিয়ে বাজার আরও উন্মুক্ত করবে এবং সুরক্ষাবাদ ও একতরফাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে তিনি অঙ্গীকার করেন। বিশ্লেষকদের মতে, শি-র এই বার্তা ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল দেশগুলোর কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে।

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সড়ক সেতু ইউক্রেনীয় হামলায় ধ্বংস হওয়ার পরপরই শেনজেনের মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমা বিশ্বের তীব্র সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ হিসেবে অভিহিত করে বলেন, ইউরোপ বর্তমানে এক ‘অপমানজনক পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে এবং ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর চাপানো পশ্চিমা নিষেধাজ্ঞা উল্টো বুমেরাং হয়ে রাশিয়াকে আরও শক্তিশালী করেছে।

পুতিন বলেন, অর্থনৈতিক আধিপত্য ও জবরদস্তির পুরোনো হাতিয়ারগুলো এখন তাদের ভয় দেখানোর ক্ষমতা হারিয়েছে। নিষেধাজ্ঞা বা শুল্ক দিয়ে প্রতিযোগীদের অর্থনীতি ধ্বংস করা সম্ভব নয়। পরবর্তীতে এক দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন একটি ‘বহুমেরু বিশ্ব’ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Xi and Putin 01
মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এটিই ট্রাম্পের প্রথম এশিয়া সফর। এদিকে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং এবং এক সন্দেহভাজন চীনা গুপ্তচরকে ঘিরে ওঠা অভিযোগ সফরটিতে নতুন উত্তেজনা যোগ করেছে।

ম্যানিলায় ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার অঙ্গীকারের পাশাপাশি চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে অস্থির এই বিশ্ব পরিস্থিতিতে পুতিন যেমন আলোচনায় বসার ইতিবাচক ফলের আশা করছেন, তেমনি ডিসেম্বর মাসে মায়ামিতে জি-২০ সম্মেলনে ট্রাম্প ও শি-র আরও একটি বৈঠকের সূচি থাকায় ওয়াশিংটন ও বেইজিং সম্পর্ক স্থিতিশীল রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: রয়টার্স