‘ইউক্রেন সঙ্কট সমাধানে তিন পরাশক্তির অভিন্ন স্বার্থ রয়েছে’

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই ত্রিপক্ষীয় বৈঠকের সূচনা বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক সংঘাত নিরসনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের বহু অভিন্ন স্বার্থ রয়েছে।

পুতিনের সূচনা বক্তব্যের সুর বিশ্লেষণ করে কূটনৈতিক মহল মনে করছে, রাশিয়া এই বৈঠককে অনেকটা ১৯৪৫ সালের ঐতিহাসিক ‘ইয়াল্টা সম্মেলনের’ আধুনিক সংস্করণ বা ‘ইয়াল্টা ২.০’ হিসেবে দেখছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠন নিয়ে আলোচনায় বসেছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা।

পুতিন বিশেষভাবে জোর দিয়ে বলেন, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী শক্তিগুলোর অন্যতম এবং জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আন্তর্জাতিক আইন ব্যবস্থা শক্তিশালী করা ও বিশ্বশান্তি বজায় রাখার ক্ষেত্রে এই তিন দেশের যৌথ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, আমরা যদি গঠনমূলক অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করি, তবে বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে অর্থবহ অবদান রাখতে পারব।

Leader Summit 01
রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, পুতিন উল্লেখ করেছেন এপেক সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগেই ইউক্রেন সংঘাতের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবং এই সংকট সমাধানে সব দেশেরই অভিন্ন আগ্রহ রয়েছে। তিনি জানান, ত্রিপক্ষীয় বৈঠকের আগেই শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকেও তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

এছাড়া ত্রিপক্ষীয় এই শীর্ষ বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতি, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন পুতিন। অন্যদিকে, ট্রাম্প ও পুতিন সরাসরি ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর বক্তব্যে সরাসরি ইউক্রেনের নাম নেননি; তবে তিনি বৃহৎ শক্তিগুলোর মধ্যে সংঘাত এড়িয়ে মিলেমিশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকের আগে ট্রাম্প আলাদাভাবে শি ও পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে দুজনকেই নিজের ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন। তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র এবং বাণিজ্য ইস্যুতে তিন দেশের মধ্যে গভীর মতপার্থক্য থাকায় এই ত্রিপক্ষীয় আলোচনা থেকে বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা বেশ কম।

বরং বিশ্বের শীর্ষ তিন পরাশক্তির এই একান্ত সমঝোতার প্রচেষ্টা ছোট দেশগুলোর মধ্যে এক ধরনের উদ্বেগ ও অস্বস্তি তৈরি করেছে; তাদের আশঙ্কা, বড় শক্তিগুলোর এই দরকষাকষিতে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হতে পারে। তবে বৈঠক থেকে এমন আশঙ্কা তৈরির হবার মতো কোন কথাও ওঠেনি।

তথ্যসূত্র: রয়টার্স-বিবিসি-সিএনএন