জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায়ে ঘোষণা করেছেন যে মিয়ানমার তার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের শেষ পর্বে আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ৯-৬ ভোটে এই সিদ্ধান্ত জানান।
রায়ে বলা হয়, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালতে কোনো রাষ্ট্র গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত হলো এবং নাৎসি হলোকাস্টের পর কোনো আন্তর্জাতিক আদালত কর্তৃক গণহত্যার অপরাধ প্রমাণিত হওয়ার এটি মাত্র চতুর্থ ঘটনা।
রায়ের মূল ভিত্তি ও গণহত্যার প্রমাণিত চারটি অপরাধ
২০১৬ সালের অক্টোবর ও ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সামরিক বাহিনীর নৃশংস দমন-পীড়নের মুখে সাত লাখ ৩০ হাজার থেকে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। মিয়ানমার দাবি করে আসছিল যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-র পুলিশ চৌকিতে হামলার জবাবে তারা অভিযান চালিয়েছিল। কিন্তু প্রমাণাদি পর্যালোচনা করে আদালত জানান, মিয়ানমার বাহিনীর হাতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন; ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের বিরুদ্ধে চরম নৃশংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রায়ে চারটি সুনির্দিষ্ট গণহত্যামূলক কর্মকাণ্ড প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়—বেসামরিক নাগরিকদের গণহত্যা, কয়েক লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, গোষ্ঠীটির ওপর গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন এবং জন্ম প্রতিরোধ। বিচারকদের মতে, ২০১৭ সালের অনেক আগে থেকেই রোহিঙ্গাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে রাখা হয়েছিল এবং জোরপূর্বক জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতে যুক্ত করা হয়েছিল।
পাশাপাশি সশস্ত্র বেসামরিক নাগরিকদের সামরিক অভিযানে যুক্ত করার পরও মিয়ানমার গণহত্যার ঝুঁকি সম্পর্কে অবগত ছিল না, এমন যুক্তি ধোপে টেকেনি; ফলে গণহত্যা প্রতিরোধের দায়ও লঙ্ঘন করেছে দেশটি। নৃশংসতার বিস্তৃত প্রমাণ থেকে রোহিঙ্গাদের একটি ‘উল্লেখযোগ্য অংশকে’ ধ্বংস করার অভিপ্রায়ই ‘একমাত্র যৌক্তিক অনুমান’ হিসেবে দাঁড়িয়েছে বলে রায়ে মত দেওয়া হয়।
গাম্বিয়ার মামলা ও আইনি প্রেক্ষাপট
২০১৯ সালের নভেম্বরে ৫৭ সদস্যের অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর পক্ষ থেকে মাত্র ২৫ লাখ জনসংখ্যার পশ্চিম আফ্রিকান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া এই মামলা দায়ের করে।
তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর তামবাদুর নেতৃত্বে দায়ের করা ওই মামলায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ড বন্ধ, দোষীদের শাস্তি, বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ এবং ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও সম্পদ পুনর্গঠনের আদেশ চাওয়া হয়। ২০২০ সালের জানুয়ারিতে আদালত জরুরি অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ২০২২ সালে গাম্বিয়ার মামলা করার এখতিয়ার বহাল রাখেন। এ বছরের জানুয়ারিতে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি রাষ্ট্রের সমর্থনে মূল বিষয়ের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
নাগরিকত্ব সংকট, রাখাইনের বর্তমান বাস্তবতা ও মানবিক সংকট
১৯৮২ সালের নাগরিকত্ব আইন থেকে বাদ পড়ার পর থেকেই রোহিঙ্গারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়; দীর্ঘদিন ধরে মিয়ানমার তাদের স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর বাইরে রেখে ‘অভিবাসী বাঙালি’ হিসেবে আখ্যায়িত করে আসছে। ২০২৩ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ও জাতিগত রাখাইন সশস্ত্র আরাকান আর্মির মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে রাখাইনের বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যায়।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গত আগস্টে জানায়, উভয় পক্ষই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে এবং আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগ ওঠে। এসব সহিংসতায় ২০২৪ সালের শুরু থেকে আরও এক লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, যার ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ১২ লাখে পৌঁছেছে; আর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেছে।
কক্সবাজারের ঘিঞ্জি শিবিরগুলোতে আশ্রিত এসব মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল, যা সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৈদেশিক সহায়তা কমানোর পর, উল্লেখযোগ্যভাবে কমে এসেছে; ফলে খাদ্য রেশন কমেছে, অনেক শিবিরের স্কুল বন্ধ হয়েছে এবং নতুন আসা শরণার্থীরা পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
রোহিঙ্গাদের ভবিষ্যৎ ও অন্যান্য গণহত্যা মামলায় প্রভাব
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় রোহিঙ্গাদের ওপর হওয়া অপরাধের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও স্বল্পমেয়াদে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের জন্য তাৎক্ষণিক বাস্তব সুফল নাও আনতে পারে। ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার মনে করেন, বাস্তুচ্যুতদের প্রত্যাবাসন বা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলেও মিয়ানমারের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা দ্রুত কার্যকর হওয়ার সম্ভাবনা কম; বরং এটি মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর হাতিয়ার হিসেবে কাজ করবে।
অন্যদিকে মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম শাবাস বলেন, মামলায় নাগরিকত্বের দাবি না থাকলেও যেসব প্রতিকার চাওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে নিরাপত্তা ও মর্যাদায় বড় ইতিবাচক প্রভাব পড়বে; পাশাপাশি তিনি মন্তব্য করেন যে গাম্বিয়ার এই জয় আইসিজের বিচারাধীন অন্যান্য মামলার ওপর, বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার ওপর নাটকীয় প্রভাব ফেলবে। মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানের মতে, গণহত্যার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রমাণ করা অত্যন্ত কঠিন হলেও এই রায়ের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, নিষেধাজ্ঞা বা কার্যকরের পরবর্তী পদক্ষেপগুলোই এখন মূল নির্ণায়ক হয়ে দাঁড়াবে।
তথ্যসূত্র: রয়টার্স-বিবিসি-আল জাজিরা