দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক পুনর্বিবেচনা করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সেনাসমর্থিত নেতা মিন অং হ্লায়াং। বুধবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এই কথা জানান। তবে জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও বলেছেন তিনি। ২০২১ সালে নির্বাচিত বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা এই সাবেক সামরিক প্রধান আসিয়ান জোটের সাম্প্রতিক শর্ত ও চাপের তীব্র সমালোচনা করেছেন।
সম্প্রতি ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে মিয়ানমারের সংকট সমাধানে জোটের প্রস্তাবিত ‘ফাইভ-পয়েন্ট কনসেনশাস’ বা পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতির ভিত্তিতে রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানানো হয়েছিল। কিন্তু এই অবস্থানে অসন্তুষ্ট মিন অং হ্লায়াং অভিযোগ করেন, অতীতে আসিয়ানভুক্ত অন্য কোনো দেশের ওপর এমন চাপ বা অবমাননা করা হয়নি, কেবল মিয়ানমারের ক্ষেত্রেই এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
ক্ষমতা গ্রহণের পর থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো কয়েকটি আসিয়ান সদস্য দেশ সফর করলেও জোটের সামগ্রিক নীতি নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। মিন অং হ্লায়াং বলেন, মিয়ানমার এবং আসিয়ানের স্বাভাবিক সম্পর্ক পুনরায় শুরু করার জন্য আমরা আমাদের নিজস্ব অবস্থান এবং আসিয়ান সদস্য দেশগুলোর সদিচ্ছা বিবেচনা করব। আমরা সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাব।
২০২১ সালের অভ্যুত্থানের পরপরই আসিয়ান জোটের পক্ষ থেকে মিয়ানমারে তাৎক্ষণিক সহিংসতা বন্ধ, সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ এবং মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়ে পাঁচ দফা শান্তি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। কিন্তু দেশজুড়ে সামরিক জান্তা ও বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে মিয়ানমার সেনাবাহিনী সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান হামলাসহ প্রাণঘাতী বোমা হামলা জোরদার করেছে।
চলমান গৃহযুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে একটি শান্তি সম্মেলন আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছেন মিন অং হ্লায়াং। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম শান্তি সম্মেলন। তবে তাঁর এই উদ্যোগ কতদূর সফল হবে এবং সংঘাতপীড়িত দেশটিতে শান্তি ফেরাতে এটি কতটা ভূমিকা রাখবে, তা নিয়ে ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এর আগে অতীতের বিভিন্ন শান্তি আলোচনার উদ্যোগও খুব একটা ফলপ্রসূ হয়নি।
তথ্যসূত্র: রয়টার্স
ফিলিপাইনের সঙ্গে বড় বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পের আগমনের আগেই সুর চড়ালেন শি ও পুতিন
বাহরাইনের পর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা