কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনার জেরে তীব্র সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই কিয়ো জানিয়েছেন, পরীক্ষা শেষ হয়েছে এবং তিনি এর সম্পূর্ণ দায়ভার নিয়ে পদত্যাগ করছেন।
গত ১৫ নভেম্বর কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ওই পরীক্ষার্থী জানান, পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠিয়ে তিনি উত্তর সংগ্রহ করেছিলেন এবং এ ঘটনায় সেদিনই পুলিশ তদন্ত শুরু করে।
দক্ষিণ কোরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৯ ঘণ্টার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এর মাত্র চার দিন আগে এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসায় গোটা দেশেই এআই ব্যবহার করে নকলের শঙ্কা ছড়িয়ে পড়ে, যেখানে ভালো বিশ্ববিদ্যালয়, উচ্চ বেতনের চাকরি এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও এই পরীক্ষার ফল বড় ভূমিকা রাখে।
সুনেউং পরীক্ষা নির্বিঘ্নে নিতে উন্মুক্ত ওয়াই-ফাই বন্ধ রাখা, পোশাকের বোতামে স্টিকার লাগানো, স্মার্ট ডিভাইস জমা নেওয়া এবং চশমা, ঘড়ি ও পোশাকে লুকানো ক্যামেরা তল্লাশির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবুও বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস সংক্রান্ত অসদাচরণের ১১১টি ঘটনা ধরা পড়ে, যার প্রায় অর্ধেকই শনাক্ত হয় সরকারি জরুরি সতর্কবার্তার মাধ্যমে।
এর আগে পার্লামেন্টের শুনানিতে জালিয়াতি শনাক্তে সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে ৭২ বছর বয়সী চোই বয়সের কারণে আত্মবিশ্বাসী নন বলে মন্তব্য করলে জনমনে ক্ষোভ আরও বেড়ে যায়, যার চূড়ান্ত পরিণতিতে এবার তাঁকে গদি ছাড়তে হলো।
তথ্যসূত্র: বিবিসি