কোরীয় উপদ্বীপের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সংলাপসহ যে কোনো ইতিবাচক প্রচেষ্টাকে চীন সমর্থন করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়। বুধবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই তথ্য জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর চলমান এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ফের বৈঠকের সম্ভাবনার কথা ইঙ্গিত দিয়েছেন, যদিও এখন পর্যন্ত এমন কোনো বৈঠক চূড়ান্ত হয়নি এবং চীনও এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে। সাত বছর আগে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কমানো ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে কোনো চুক্তি ছাড়াই ট্রাম্প ও কিমের শেষ শীর্ষ সম্মেলন ভেঙে গিয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার জানিয়েছেন, ট্রাম্প পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত রয়েছেন, তবে এই সফরেই বৈঠক হবে এমন কোনো নিশ্চয়তা নেই।

অন্যদিকে, পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনার এজেন্ডা থেকে বাদ না দিলে উত্তর কোরিয়া আলোচনায় ফিরতে অনীহা প্রকাশ করে আসছে। ট্রাম্প ইতিমধ্যেই উত্তর কোরিয়াকে একটি ‘পারমাণবিক শক্তিধর’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন এবং তাঁর নতুন বৈশ্বিক নিরাপত্তা রোডম্যাপ থেকেও উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যটি বাদ দেওয়া হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সঙ্গে বড় কোনো কূটনৈতিক সাফল্যের পথ খুঁজছে।
বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেন, কোরীয় উপদ্বীপের উত্তেজনা দক্ষিণ কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয়। তিনি উল্লেখ করেন, কোরিয়া ও চীনের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে আরও পরিপক্ব ও বিকশিত করতে হলে উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা অপরিহার্য। এছাড়া দুই দেশের মধ্যে সমতাভিত্তিক ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার আশা প্রকাশ করেন তিনি।

জবাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে লিকে অবহিত করেন এবং কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানে বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলে আশ্বস্ত করেন। শি আরও জানান, বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) স্থিতিশীলতা এবং মসৃণ কার্যক্রম বজায় রাখতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে চীন প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, বৈঠকের প্রকাশ্য বক্তব্যে বা দক্ষিণ কোরিয়ার বিবৃতিতে শি কিংবা লি- কেউই ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ’ শব্দটি উল্লেখ করেননি, যা কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
