রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে গোলাবর্ষণে নিহত ২৫

পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কের একটি বাজারে গোলাবর্ষণ করা হয়েছে। এতে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।

সাম্প্রতিক মাসগুলোতে দোনেৎস্কে যেসব হামলা হয়েছে হতাহতের সংখ্যার দিক দিয়ে এই হামলাটি সবচেয়ে বড়গুলোর মধ্যে একটি।

রুশ আঞ্চলিক প্রধান ডেনিস পুশিলিন জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালিয়েছে। তিনি জানান, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রের টুকরা সংগ্রহ করার চেষ্টা করছেন।

তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

শহরটির রুশপন্থী মেয়র আলেক্সেই কুলেমজিন বলেছেন, ইউক্রেনীয় সেনারা দোকান ও বাজার থাকা ব্যস্ততম এলাকায় গোলাবর্ষণ করেছে।

এদিকে মস্কোও কিয়েভকে দায়ী করেছে এই হামলার জন্য। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘বর্বর সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা করেছে।

আলেক্সেই কুলেমজিন বলেন, মাথার ওপর দিয়ে গোলা আসতে দেখে প্রাণ বাঁচাতে বাজারের একটি দোকানে লুকিয়ে পড়ি। আমি ধোঁয়া উড়তে দেখলাম। দেখি, মানুষ চিৎকার করছে। এক নারী কান্নাকাটি করছেন।

এর আগে গত ১ জানুয়ারি দোনেৎস্কে ইউক্রেনের হামলায় চারজন নিহত ও সাংবাদিকসহ ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছিল রুশ কর্তৃপক্ষ।

মস্কো ২০২২ সালে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করার দাবি করে। যদিও এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার নেই। শহরটি সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি গ্যাস রপ্তানি টার্মিনাল শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি হয় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সেন্ট পিটার্সবার্গের ১১০ কিলোমিটার পশ্চিমে এস্তোনিয়া সীমান্তের কাছে টার্মিনালটির অবস্থান। সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণ নিয়ে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেছেন, বিস্ফোরণে পর গ্যাস উৎপাদনে উচ্চ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়।