ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করছে রাশিয়া

মস্কোতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত সিমোনা হ্যালপেরিন এক সাক্ষাৎকারে ‘অগ্রহণযোগ্য মন্তব্য’ করেছেন বলে অভিযোগ তুলেছে রাশিয়া। এই মন্তব্যের জন্য তাকে তলব করবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার প্রকাশিত রাশিয়ার দৈনিক কোমারসান্তকে দেওয়া এক  সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রনীতির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছেন হ্যালপেরিন।

কূটনৈতিক হিসেবে গত ডিসেম্বরে যোগ দেওয়া হ্যালপেরিনের প্রথম মন্তব্যটিকে ‘অত্যন্ত খারাপ শুরু’ বলে বর্ণনা করেছে রুশ মন্ত্রণালয়।

সাক্ষাৎকারে হ্যালপেরিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনি ইসলামপন্থি গোষ্ঠী হামাসের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করছে রাশিয়া।