ইউক্রেনে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসায় রুশ বাহিনীর চালানো এক ড্রোন হামলায় পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। শনিবারের এ হামলায় নিহতদের মধ্যে তিন বছরের এক শিশুও আছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রুশ ড্রোন হামলার ভয়াবহতা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওডেসা শহরের একটি আবাসিক ভবনে ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেই হামলায় ১৮টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে এবং পাঁচজন নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলেন, রুশ ড্রেন হামলায় আটজন আহত হয়েছেন। কিন্তু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজছেন উদ্ধারকর্মীরা।

রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে এ হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই এই দূরপাল্লার ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা পরিচালনা করে আসছে রাশিয়া।