ইউক্রেনের বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা, তিনজন নিহত

ইউক্রেনের বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা করেছে রুশ বাহিনী। শুক্রবারের এ হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান ভ্যালেরিওভিচ গালুশচেঙ্কো।

গালুশচেঙ্কো জানিয়েছেন, রাতব্যাপী ড্রোন ও রকেট হামলা করেছে রুশবাহিনী। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে এটিই সবচেয়ে বড় হামলা। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

গালুশচেঙ্কো জানান, শুধু ক্ষতি করা নয়, দেশের জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটানোই রাশিয়ার লক্ষ্য। তারা গত বছরের মতো আবার হামলা শুরু করেছে।

রুশ বাহিনীর এই হামলার কারণে দিনিপ্রো হাইড্রোইলেকট্রিক স্টেশনে আগুন লেগেছে। এটি জাপোরিজ্জিয়াতে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও বিদ্যুৎ সরবরাহ করে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি শুক্রবার ভোরে জানান, ওই বিদ্যুৎকেন্দ্রের ৭৫০ কিলোভোল্টের প্রধান বিদ্যুতের লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু একটি কম ভোল্টের ব্যাকআপ লাইন কাজ করছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জলবিদ্যুৎ সংস্থা জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দেশের সবচেয়ে বড় বাঁধে, যা জাপোরিজ্জিয়াতে অবস্থিত। তবে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও বাঁধটিতে কোনও ফাটলের আশঙ্কা নেই বলে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।