ইউক্রেনের চেরনিহিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ বাসিন্দা নিহত ও বেশ কয়েকটি ভবন ও পৌর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এই হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেছেন, হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় একটি চারতলা ভবন, একটি হাসপাতাল, একটি শিক্ষা স্থাপনা ও একাধিক ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ চাউস দাবি করেছেন, রাশিয়া তিনটি ইস্কান্দার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে।

আহতদের শহরের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। আঞ্চলিক হাসপাতালের প্রধান স্থানীয়দের রক্তদানের আহ্বান জানিয়েছেন।

চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র ওলেক্সান্দার লোমাকো বলেছেন, বুধবার স্থানীয় সময় রাত ৯টার পর তিনটি বিস্ফোরণ শহরের ব্যস্ত অংশকে ছিন্নভিন্ন করে দিয়েছে। একটি বহুতল ভবন বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও বলেছেন, দুর্ভাগ্যবশত বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে রাশিয়া। চেরনিহিভে হামলায় আবারও তা প্রমাণিত হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মিত্রদের কাছ থেকে সমর্থন চেয়েছেন।

ইউক্রেনের কাছে আকাশ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম থাকলে এই হতাহতের ঘটনা ঘটতো না বলে জানান জেলেনস্কি। এমনকি রাশিয়ার ত্রাস মোকাবিলায় বিশ্বের যদি দৃঢ়তা পর্যাপ্ত থাকতো তাহলেও এমনটা ঘটতো না বলেও মন্তব্য করেন তিনি।