চার রুশ বিমানঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে সামরিক অভিযান চালানোর মধ্যেই রাশিয়ার চারটি বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেন। বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব সফল হামলার জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেছেন।

রাশিয়ার ভোরোনেজ, কুরস্ক ও নিঝনি নভগোরোড অঞ্চলের খালিনো, সাভাসলেকা, বোরিসোগলেবস্ক ও বাল্টিমোর বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন। খবর রয়টার্সর।

কিয়েভের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইউক্রেনে রুশ বিমান হামলার সক্ষমতা কমানোর লক্ষ্যেই মস্কোর বিমান ঘাঁটিগুলোর ওপর এসব হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় বাহিনী এসব হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে বলেও সূত্রটি জানিয়েছে।

রাশিয়ার বিমানঘাঁটিতে সঠিক, সময়োপযোগী, ও কার্যকর হামলার জন্য জেলেনস্কি তার সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। এসব হামলা চালানোর জন্য ব্যবহৃত ইউক্রেনের ড্রোন নিখুঁতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

জেলেনস্কি বলেন, হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি, লুব্রিকেন্ট ও অস্ত্রের গুদাম। হামলার ফলাফল দৃশ্যমান হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১১৭টি ড্রোন ও চারটি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এদিকে, রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চলের আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। সপ্তাহকাল আগে সীমান্ত দিয়ে হাজারো ইউক্রেনীয় সেনা রাশিয়ায় ঢুকে পড়ে সীমান্তবর্তী বেশকিছু শহর ও গ্রামের দখল নেয়। ইউক্রেনের এমন হামলার মুখে রাশিয়া বৃহস্পতিবারও সীমান্ত অঞ্চল থেকে হাজার হাজার লোককে সরিয়ে নিয়েছে।