আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ নিল! অনুমতি ছাড়াই ওই পুলিশ কর্মকর্তা মাঝরাতে হুট করে বাজি ও পটকা ফাটিয়ে বসলে ভয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুট লাগায় ডজন খানেক রাজকীয় ঘোড়া। এতে বেশ কয়েকজন সওয়ারি আহত হয়েছেন এবং অন্তত ১৫টি ঘোড়া জখম হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ প্রাচীন ‘বাথস অব কারাকাল্লা’র কাছে এই তুলকালাম কাণ্ড ঘটে। সেখানে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ‘কারাবিনিয়েরি’ এবং পুলিশ বাহিনীর অশ্বারোহী দল বার্ষিক প্যারেডের চূড়ান্ত মহড়া দিচ্ছিল। ঠিক সেই সময় মাত্র ২০০ মিটার দূরে দাঁড়িয়ে ট্রাফিক ইমার্জেন্সি ইউনিটের এক খামখেয়ালি মিউনিসিপ্যাল পুলিশ অফিসার বাজি ফাটাতে শুরু করেন। মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ এই বিকট আওয়াজে রাজকীয় ঘোড়াগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পটকার শব্দে কিছু ঘোড়া তাদের পিঠে থাকা সওয়ারিদের ছুড়ে ফেলে দিয়ে রোমের ব্যস্ত রাস্তায় ছুটতে শুরু করে, আবার কিছু ঘোড়া দেখভালের দায়িত্বে থাকা সৈন্যদের হাত ফস্কে পালিয়ে যায়। ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজন আরোহী আহত হয়েছেন। এর মধ্যে ২২ বছর বয়সী এক সেনা সদস্যের পাঁজরের হাড় ভেঙে গেছে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া হুড়োহুড়িতে প্রায় ১৫টি ঘোড়া কমবেশি জখম হলেও স্বস্তির বিষয় হলো, কোনো ঘোড়াকেই মেরে ফেলতে হয়নি।
এই লজ্জাজনক ঘটনায় রোমের পুলিশ মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। রোম পুলিশ বাহিনীর প্রধান মারিও দে সক্লাভিস আজ রবিবার স্থানীয় ‘কোরিয়েরে দেল্লা সেরা’ পত্রিকাকে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, "এই কাণ্ডজ্ঞানহীন ঘটনাটি পুরো পুলিশ বাহিনী এবং এর কর্মকর্তাদের ভাবমূর্তি ও সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে।" প্রজাতন্ত্র দিবসের রাজকীয় মহড়ায় এমন ‘অপেশাদার’ বাজি ফোটানোর অপরাধে অভিযুক্ত সেই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এখন কড়া আইনি ব্যবস্থার তোড়জোড় চলছে।
তথ্যসূত্র: রয়টার্স