রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন সামরিক কারখানা ও অবকাঠামোতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের একটি বহুতল আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানলে আগুন ধরে যায় এবং এতে এক নারী নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পাল্টা জবাবে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের ৭১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার ভোরের দিকে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভোররাত থেকেই শহরের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে জানান, শহরের সলোমিয়ানস্কি জেলার একটি ৯তলা আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে একটি রুশ ড্রোন।
আঘাতের পরপরই ভবনটিতে ভয়াবহ আগুন ধরে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত এক নারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
হামলার বিষয়ে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ইউক্রেনজুড়ে সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। এর মধ্যে কিয়েভের একটি রকেট কারখানা, বৃহত্তর কিয়েভ অঞ্চলের একটি ড্রোন সংযোজন কারখানা ও ক্ষেপণাস্ত্র জ্বালানি তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় জাইটোমির অঞ্চলের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতেও সফলভাবে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে মস্কো।
অন্যদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলের এক স্থানীয় ইউক্রেনীয় কর্মকর্তা টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার এই রাতভর হামলায় ওই এলাকার জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাশিয়ার এই হামলার পাশাপাশি ইউক্রেনের পক্ষ থেকেও ড্রোন অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে মস্কো। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, রাতের আঁধারে রুশ রাজধানী অভিমুখে ধেয়ে আসা অন্তত পাঁচটি ইউক্রেনীয় ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সব মিলিয়ে রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশ থেকে মোট ৭১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তাদের বাহিনী।
তথ্যসূত্র: রয়টার্স