ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে রুশ সামরিক কর্মকর্তা নিহত

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার, শহরের পুশকিনস্কি জেলায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রুশ তদন্তকারীরা।

রাশিয়ার তদন্ত কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনীর একজন সদস্যকে হত্যার এই ঘটনায় তদন্তকারী কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই সামরিক পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলেছে এবং তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ থেকে আলামত সংগ্রহের কাজ করছেন।

ফুটেজে আরও দেখা যায়, বিস্ফোরণে বিধ্বস্ত গাঢ় নীল রঙের একটি এসইউভি গাড়ির দরজা, বুট এবং বনেট সম্পূর্ণ উড়ে গিয়ে খোলা অবস্থায় রাস্তায় পড়ে আছে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিস্ফোরণের ধ্বংসাবশেষ। এর ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা একটি খালি যাত্রীবাহী বাসও বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই সামরিক সদস্যের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে রাশিয়ার স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘ফন্টাঙ্কা’ জানিয়েছে, নিহত কর্মকর্তা সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার ছিলেন। যদিও বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, এর আগে মস্কোর যুদ্ধ প্রচেষ্টার সঙ্গে যুক্ত ব্যক্তি ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ওপর চালানো এমন গুপ্তহত্যার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করে আসছে রাশিয়া। অতীতে কিছু ঘটনার ক্ষেত্রে ইউক্রেনীয় সূত্রগুলো দায় স্বীকার করলেও, অনেক ক্ষেত্রে তা অস্বীকার করেছে। বৃহস্পতিবারের এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেন্ট পিটার্সবার্গের ঠিক একই জেলায় এর আগে গত ২৭ আগস্ট আরেকটি গাড়ি বিস্ফোরণে এক রুশ সেনাসদস্য নিহত হয়েছিলেন। এ ছাড়া সাম্প্রতিক মাসগুলোতে মস্কো এবং ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপেও এ ধরনের বেশ কয়েকটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে।

তথ্যসূত্র: রয়টার্স