আবাসন ইস্যুতে উত্তাল স্পেন, সড়কে ৩০ লাখ মানুষ

আবাসন সংকট ও আকাশছোঁয়া বাড়িভাড়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্পেন। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় আগাম সাধারণ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বুধবার দেশজুড়ে পালিত সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন ৩০ লাখেরও বেশি মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় নামা সাধারণ মানুষের এই বিক্ষোভ দিনের বেলা শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যায় মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়, যেখান থেকে অন্তত ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১২ সালের ইউরো জোন ঋণ সংকটের পর এটিই ছিল স্পেনে প্রথম বড় ধরনের সাধারণ ধর্মঘট। টেন্যান্টস ইউনিয়নের তথ্যমতে, শ্রমিকদের পাশাপাশি শিক্ষার্থী, পেনশনভোগী, ভাড়াটিয়া ও বেকারসহ ৩০ লাখের বেশি মানুষ এই বিক্ষোভে শামিল হন।

Spain Protest 02
বিক্ষোভকারীরা মাদ্রিদের প্রধান বাণিজ্যিক সড়ক গ্রান ভিয়ায় মিছিল করলে প্রাইমার্ক ও এইচঅ্যান্ডএম-এর মতো বড় ব্র্যান্ডের দোকানগুলো বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা নামতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বার্সেলোনায় মূল মিছিল শেষে রাস্তায় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অন্যদিকে, মাদ্রিদের প্লাজা দে এস্পানায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে নিক্ষেপ করে।

পুলিশি বলপ্রয়োগের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এমনকি ক্ষমতাসীন সোশ্যালিস্ট সরকারের জোটসঙ্গী ‘সুমার’ এই ঘটনাকে ‘অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্র্যান্ডে-মার্লাস্কার পদত্যাগ দাবি করেছে। চাপের মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

Spain Protest 03
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সাল নাগাদ ১০ লাখ ছাড়িয়ে যাবে। স্পেনের যুব কাউন্সিলের তথ্যে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র- দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া এখন ১,১৭৬ ইউরো, যা একজন তরুণের গড় মাসিক আয়ের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ! অর্থাৎ আয়ের প্রায় পুরোটাই চলে যাচ্ছে বাড়িভাড়ায়।

ধর্মঘটের প্রভাবে বন্দর ও অটোমোবাইল খাতে ৯০ শতাংশ পর্যন্ত কাজ বন্ধ ছিল, যার মধ্যে ভক্সওয়াগেন ও সিয়াটের কারখানাও রয়েছে। মাদ্রিদ ও বার্সেলোনার মেট্রো চলাচলেও বড় ধরনের প্রভাব পড়ে। উল্লেখ্য, মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে উচ্ছেদ ও পরবর্তীতে তাঁর মৃত্যুর ঘটনায় সপ্তাহজুড়ে চলা বিক্ষোভ এবং পার্লামেন্টে বাড়িভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারি ডিক্রি বাতিল হওয়ার প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম নির্বাচনের ডাক দিয়েছেন।

তথ্যসূত্র: রয়টার্স