দুর্নীতির খোঁজ করতে গিয়ে মিললো নোটের পাহাড়!

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের আমলের এক দুর্নীতি মামলার তদন্তে নেমে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। রাজধানী বুদাপেস্টসহ দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে গভীর জঙ্গল খুঁড়ে, খামারবাড়ি ও গোপন সিন্দুক থেকে প্রায় ১৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সমমূল্যের লুকিয়ে রাখা নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।

সরকারি অর্থ তছরুপের অভিযোগ তদন্তের জন্য গঠিত নতুন সংস্থা ‘ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রটেকশন অফিস’ এক বিবৃতিতে জানিয়েছে, গত ১২ ও ১৩ নভেম্বর এই বিশেষ অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অর্থের মধ্যে হাঙ্গেরিয়ান ফোরিন্ট, ইউরো এবং মার্কিন ডলার রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, খামারবাড়ি, গুদামঘর এবং একটি সুরক্ষিত গোপন সিন্দুকের পাশাপাশি বনের ভেতর মাটির নিচ থেকেও বস্তাবন্দী টাকা উদ্ধার করা হয়েছে।

রাতেই অন্ধকার ভেদ করে অফিসারদের কোদাল দিয়ে মাটি খুঁড়ে টাকা তোলার সেই রোমহর্ষক দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পরে উদ্ধার করা এই সমস্ত অর্থ স্টেট ট্রেজারিতে জমা দেওয়া হয়। অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান ফেসবুকে জানিয়েছেন যে ট্রেজারির ১২ জন কর্মী টানা আট ঘণ্টা ধরে শুধু সেই টাকা গুনে শেষ করেছেন।

Hungery Money 01
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাঙ্গেরির উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে থাকা মিক্লোস সেসজতাকের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। সরকারি পরিবহন সংস্থার মাধ্যমে অতিরিক্ত দামে সেকেন্ড-হ্যান্ড বাস কেনা এবং বিভিন্ন সরকারি নির্মাণ প্রকল্পের নামে প্রায় ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত সেপ্টেম্বর মাসে তাকে আটক করা হয় এবং তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ভিক্টর ওরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী পিটার ম্যানিয়রের মধ্যপন্থী ও প্রো-ইউরোপীয় ‘তিসা’ পার্টি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যানিয়র এই অর্থ উদ্ধারকে ‘ফিদেজ-কেডিএনপি মাফিয়া’ যুগের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। ভিক্টর ওরবান অবশ্য বরাবরই দাবি করে আসছেন যে নতুন সরকার তাকে রাজনীতি থেকে হটিয়ে দেওয়ার জন্যই এসব তদন্তকে হাতিয়ার করেছে।

এর আগে আলাদা মামলায় আরও কয়েকজন সাবেক মন্ত্রী এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর গ्योর্গি মাতোলসিকেও আটক করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একটি ফাউন্ডেশনের সরকারি সম্পদ তছরুপের অভিযোগ রয়েছে মাতোলসির বিরুদ্ধে, যদিও তিনি তা অস্বীকার করেছেন।

সম্প্রতি হাঙ্গেরির সংবাদমাধ্যম এইচভিজি এবং পোলস্টার মিডিয়ানের এক সমীক্ষায় দেখা গেছে, ওরবান আমলের দুর্নীতির তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেশটির প্রায় ৭০ শতাংশ মানুষ।

তথ্যসূত্র: রয়টার্স